জেলা 

ছুরি হাতে ছাত্র-ছাত্রীদের ভয় দেখাচ্ছেন প্রধান শিক্ষক! এই ঘটনায় আতঙ্কিত অভিভাবকরা বিক্ষোভে উত্তাল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : প্রধান শিক্ষক ভয় দেখাচ্ছেন ছাত্র-ছাত্রীদের তাও আবার হাতে অস্ত্র নিয়ে আর এই অভিযোগ কে ঘিরে উত্তাল হয়ে উঠল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ।আজ শনিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ৪৬ নম্বর শেরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে স্কুল প্রাঙ্গণে ব্যাপক উত্তেজনা ছড়ায়।

স্কুলের প্রধান শিক্ষক রঘুপতি সরদারের বিরুদ্ধে দফায় দফায় স্লোগান ও বিক্ষোভ দেখান অভিভাবকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সামসেরগঞ্জ থানার পুলিশ। অভিযুক্ত প্রধান শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

অভিভাবকদের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই স্কুলে অস্বাভাবিক আচরণ করছেন সামশেরগঞ্জের ৪৬ নম্বর শেরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বিষয়টি নিয়ে এর আগেও একবার বিক্ষোভ হয় স্কুল চত্বরে। কিন্তু শনিবার স্কুল এসে হঠাৎই ছুরি-সহ বিভিন্ন অস্ত্র দেখিয়ে ছাত্রছাত্রীদের ভয় দেখাতে শুরু করেন প্রধান শিক্ষক। তাতেই কার্যত আতঙ্কিত হয়ে পড়েন ছাত্রছাত্রীরা। বিষয়টি জানাজানি হতেই স্কুলে জমায়েত হতে শুরু করেন অভিভাবকরা। তার পরেই অভিযুক্ত শিক্ষককে ঘিরে শুরু হয় বিক্ষোভ। যদিও ভয়ে দরজা বন্ধ করে ঘরের ভিতরে লুকিয়ে পড়েন তিনি। পরে তাঁকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। অবিলম্বে ওই শিক্ষককে বরখাস্ত অথবা বদলির দাবিতে সরব হয়েছেন অভিভাবক এবং ছাত্রছাত্রীরা।

এ প্রসঙ্গে ধুলিয়ান চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক হোসনেয়ারা খাতুন বলেন, “বেশকিছু দিন আগেই প্রধান শিক্ষকের বিভিন্ন রকম অসংলগ্ন আচরণের বিষয়টি সহকারী শিক্ষকরা আমাকে জানিয়েছিলেন। তার পর আমি গত ১২ তারিখ ভিজিট করে ওই প্রধান শিক্ষককে সতর্ক করেছিলাম এবং ১৬ ফেব্রুয়ারি ওই প্রধান শিক্ষককে লিখিতভাবে সতর্ক করা হয়। কিন্তু হঠাৎ আজ উনি কেন এমনটা করলেন তা স্পষ্ট নয়। মানসিক ভারসাম্যহীন কি না তাও স্পষ্ট নয়।”


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ