ঝাড়খন্ড বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করলেন নতুন মুখ্যমন্ত্রী চম্পই সোরেন !
বাংলার জনরব ডেস্ক : ঝাড়খন্ড বিধানসভার আস্থা ভোট জয়ী হলেন নতুন মুখ্যমন্ত্রী চম্পই সোরেন। তাঁর পক্ষে ৪৭টি ভোট পড়েছে। বিপক্ষে পড়েছে ২৯টি ভোট।
ঝাড়খণ্ড বিধানসভায় মোট আসনের সংখ্যা ৮১। তার মধ্যে সংখ্যাগরিষ্ঠতার জাদুসংখ্যা হল ৪১। অর্থাৎ, ৪১টি ভোট পেলেই চম্পই সরকারের স্থায়ীত্ব নিশ্চিত করা যেত। ঝাড়খণ্ডের জেএমএম-কংগ্রেস-আরজেডি জোটের মোট বিধায়ক সংখ্যা ৪৭। এ ছাড়া বিজেপির ২৫ জন, অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়নের তিন জন এনসিপি এবং সিপিআই (এমএল)-এর এক জন করে বিধায়ক রয়েছেন। সিপিআই (এমএল) সমর্থন রয়েছে শাসক জোটের পক্ষে। তিন জন নির্দল বিধায়কও রয়েছেন ঝাড়খণ্ড বিধানসভায়। শাসক জোটের সকলেই নতুন সরকারকে ভোট দিয়েছেন।

সোমবার ঝাড়খণ্ড বিধানসভার স্পিকার আস্থা ভোট গ্রহণ করেন। যাঁরা মুখ্যমন্ত্রী চম্পইয়ের সমর্থনে রয়েছেন, প্রথমে তাঁদের দাঁড়াতে বলা হয়। ৪৭ জন বিধায়কই দাঁড়িয়ে সমর্থন জানান। এর পর বিপক্ষে কারা রয়েছেন, জানতে চান স্পিকার। তখন ২৯ জন বিধায়ক দাঁড়িয়েছিলেন। তার পরেই আস্থা ভোটের ফলাফল ঘোষণা করে দেওয়া হয়। করতালিতে ফেটে পড়ে সভাকক্ষ।

