জেলা 

নাগরিকত্ব কেড়ে নেওয়ার অধিকার বিজেপির নেই,চাকলা থেকে লড়াইয়ের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদন, দেগঙ্গা : সামনেই লোকসভা নির্বাচন, প্রচারের কাজ ঢেলে সাজাতে ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলো। বৃহস্পতিবার উঃ ২৪ পরগনা জেলার দেগঙ্গার চাকলাধাম সন্নিকটে কর্মীসভায় মমতার বক্তব্যের অধিকাংশ জুড়েই ছিল ধর্মীয় সম্প্রীতির বার্তা। অন্যদিকে চাকলাতে দলীয় কর্মীসভা থেকে দলের একাংশের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির পর মমতার এই উত্তর ২৪ পরগনা সফরের দিকে নজর ছিল রাজনৈতিক মহলের।

সিএএ নিয়ে কড়া বার্তা দিয়েছেন মমতা। এদিনের দলীয় সভা থেকে মমতা বলেন, ‘নাগরিকত্ব নিয়ে অনেক কথা বলা হচ্ছে। আপনার সবাই নাগরিক। নাগরিক না হলে রেশন পান কী করে! নাগরিক না হলে প্যান কার্ড থাকে কী করে।’ উল্লেখ্য, সম্প্রতি কলকাতা সফরে এসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সিএএ নিয়ে বার্তা দিয়ে জানিয়েছিলেন, ‘সিএএ কার্যকর হবেই। কেউ বাধা দিতে পারবে না।’

চাকলার লোকনাথ ব্রহ্মচারীর মন্দিরে সারা বছর থাকে ভক্ত ভিড়। জন্মাষ্টমীর মতো বিশেষ তিথিতে এখানে নামে ভক্তদের ঢল। দূর-দুরান্ত থেকে পায়ে হেঁটে ভক্তরা এই মন্দিরে পুজো দিতে আসে। সেই মন্দিরের সংস্কারের কাজ শুরু হয়েছিল। সংস্কারের পর নব নির্মিত মন্দিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেখানে পুজোও দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলা এখন গোটা দেশের কাছে ডেস্টিনেশন।’

মমতা আরও বলেন, ‘এই জেলায় আমাদের সরকার অনেক কাজ করেছে। ৯০ কোটি টাকা খরচ করে দক্ষিণেশ্বরে স্কাইওয়াক তৈরি করা হয়েছে। কালীঘাট মন্দিরেও স্কাইওয়াক তৈরি করা হচ্ছে। এই জেলার মতুয়া সম্প্রদায়ের মানুষের জন্য আমাদের সরকার অনেক কাজ করেছে। ২০১১ থেকে মৃত্যু অবধি বড়মার চিকিত্‍সার যাবতীয় ব্যবস্থা আমরা করেছি। শেষবার ওঁকে পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু বাঁচাতে পারিনি।’ লোকনাথ মন্দিরের অনুষ্ঠান থেকে কোনও বড় রাজনৈতিক বার্তা দেননি মমতা।

দেগঙ্গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মহানাগরিক ফিরহাদ হাকিম, জেলা কোর কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্য রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক, রথীন ঘোষ, সুজিত বোস, শোভনদেব চট্টোপাধ্যায়, সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার,সৌগত রায়, বিধানসভায় সরকার পক্ষের মুখ্য সচেতক শ্রী নির্মল ঘোষ, উপমুখ্য সচেতক শ্রী তাপস রায়,জেলা পরিষদের সভাধিপতি শ্রী নারায়ন গোস্বামী, হাজী সেখ নূরুল ইসলাম, অর্জুন সিং, রহিমা মন্ডল, একেএম ফারহাদ, মফিদুল হক সাহাজী, আনিসুর রহমান বিদেশ সহ জেলার সর্ব স্তরের জনপ্রতিনিধি ও নেতৃত্বরা।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ