বুধবার সাত সকালেই সাগরদীঘির বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়ি, গুদাম,স্কুল এবং অফিসে আয়কর হানা
বাংলার জনরব ডেস্ক : বুধবার সাত সকালে কংগ্রেস ছেড়ে তৃণমূল যোগ দেওয়া সাগরদীঘির বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে আয়কর হানা।
সূত্রের খবর, তল্লাশি চালাতে মঙ্গলবার রাতেই আয়কর কর্তারা পৌঁছে গিয়েছিলেন মুর্শিদাবাদ। বুধবার ভোর থেকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে শুরু হয় অভিযান। বাইরনের বাড়ি, গুদাম, নার্সিংহোম-সহ বিধায়কের একাধিক প্রতিষ্ঠানে একযোগে অভিযান চলছে। রঘুনাথগঞ্জে বাইরনের স্কুলেও তল্লাশি চালাচ্ছেন আয়কর দফতরের আধিকারিকরা। বিড়ি শিল্প, নার্সিংহোম ছাড়া আরও বেশ কিছু ব্যবসার সঙ্গে তিনি জড়িত বলে আয়কর দফতরের কাছে তথ্য রয়েছে। সেই সংক্রান্ত ব্যবসায়িক লেনদেনের হদিশ পেতেই আয়কর হানা বলে সূত্রের খবর। জানা গিয়েছে, শুধু বাইরন নন, তাঁর ব্যবসা দেখভাল করেন যে ঘনিষ্ঠরা, তাঁদেরও জিজ্ঞাসাবাদ এবং তাঁদের বাড়িতেও তল্লাশি চালাতে পারে আয়কর দফতর।
বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী হিসাবে উপনির্বাচনে জয়লাভ করেছিলেন বাইরন। তাঁর মাধ্যমে বিধানসভায় খাতা খোলে কংগ্রেস। যদিও বেশি দিন কংগ্রেসে থাকেননি বাইরন। ফলপ্রকাশের কয়েক মাসের মধ্যেই অবশ্য তিনি তৃণমূলে যোগদান করেন।

