আমি বিশ্বাস করি না বালুরা চোর : মমতা বন্দ্যোপাধ্যায়
বিশেষ প্রতিনিধি : আজ বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের দলীয় সাংগঠনিক সভায় নেতাজি ইনডোর স্টেডিয়ামে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী লোকসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিলেন। এই গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভায় শারীরিক অসুস্থতার কারণে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সশরীতে যোগ দিতে পারেননি। তবে তিনি ভার্চুয়াল এর সভার মাধ্যমে উপস্থিত প্রতিনিধিদের সামনে বক্তব্য রাখেন। আগামী মাস থেকে ১০০ দিনের বকেয়া টাকার দাবিতে ফের আন্দোলন শুরু করার হুঁশিয়ারি দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তবে দিনের এই গুরুত্বপূর্ণ সভায় সবচেয়ে আকর্ষণীয় বক্তা ছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ সাম্প্রতিককালে জ্যোতিপ্রিয় মল্লিকের জেল যাত্রা এবং মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের সুপারিশ এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক মঞ্চ থেকে কি বলেন সেদিকে তাকিয়ে ছিল রাজ্য তথা দেশের জনতা। প্রায় ৫৫ দিন তিনি অসুস্থ থাকার কারণে বাড়ি থেকে বের হতে পারেননি এই প্রথম তিনি প্রকাশ্য সভায় ভাষণ দিচ্ছেন পঞ্চান্ন দিন পর।

তাই স্বাভাবিকভাবেই দলীয় নেতা কর্মী থেকে শুরু করে রাজ্যের সাধন নাগরিকদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন সেটা ছিল সবচেয়ে আগ্রহের বিষয়। এদিন স্বভাব সিদ্ধ ভঙ্গিমায় মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে গিয়ে সরাসরি বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন।

নেতাজি ইন্ডোরে দলীয় সভায় মমতা বলেন, ‘‘ওরা আমাদের চার জন এমএলএ-কে জেলে ভরে রেখেছে। এই ভাবে আমাদের সংখ্যা কমিয়ে দিতে চাইছে। চুরির বদনাম দিয়ে ওরা যদি আমাদের চার জনকে জেলে ভরে রাখে, তা হলে আমরাও দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নিচ্ছি, ওদের আট জনকে জেলে ভরব।’’ কাদের জেলে ভরবেন, তা-ও বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। তিনি বলেন, ‘‘ওদের যাদের নামে চুরি, খুন বা অন্য মামলা রয়েছে, তাদের জেলে ভরব!’’ মমতা আরও বলেন, ‘‘এ বার বদলা নিতে হবে। রাজনৈতিক ভাবে বদলা নিতে হবে। বুথে বুথে ওদের হারিয়ে ব্যাগে ভরে বাড়ি পাঠিয়ে দিতে হবে।’’

এরপরে ই অনুব্রত মণ্ডল পার্থ চট্টোপাধ্যায় মানিক ভট্টাচার্য এবং জ্যোতিপ্রিয় মল্লিকের জেলযাত্রা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কটাকে সুরে বিজেপিকে আক্রমণ করেন। এদিন মমতা বলেন, ‘‘কেষ্ট জেলে, পার্থ জেলে, মানিক জেলে, বালু জেলে। এটাই চলবে? যখন আপনারা (বিজেপি) আগামী দিন চেয়ারে থাকবেন না, তখন কোথায় থাকবেন, সেলে না কোলে?’’ পাশাপাশিই তিনি বলেন, ‘‘আমি বিশ্বাস করি না বালুরা চোর!’’

