আমাদের চারজনকে গ্রেফতার করলে ওদের আট জনকে গ্রেফতার করবো, দলীয় সভা থেকে বিজেপিকে নিশানা করে বললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার জনরব ডেস্ক : সরাসরি বিজেপির সঙ্গে রাজনৈতিক সংঘাতে যেতে চাইছে তৃণমূল কংগ্রেস ।আজ বৃহস্পতিবার নেতাজীর ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সভা থেকে কার্যত বিজেপির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বলেন আমাদের চারজনকে গ্রেফতার করলে আমরা ওদের আট জনকে গ্রেফতার করবো।
নেতাজি ইন্ডোরে দলীয় সভায় মমতা বলেন, ‘‘ওরা আমাদের চার জন এমএলএ-কে জেলে ভরে রেখেছে। এই ভাবে আমাদের সংখ্যা কমিয়ে দিতে চাইছে। চুরির বদনাম দিয়ে ওরা যদি আমাদের চার জনকে জেলে ভরে রাখে, তা হলে আমরাও দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নিচ্ছি, ওদের আট জনকে জেলে ভরব।’’ কাদের জেলে ভরবেন, তা-ও বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। তিনি বলেন, ‘‘ওদের যাদের নামে চুরি, খুন বা অন্য মামলা রয়েছে, তাদের জেলে ভরব!’’ মমতা আরও বলেন, ‘‘এ বার বদলা নিতে হবে। রাজনৈতিক ভাবে বদলা নিতে হবে। বুথে বুথে ওদের হারিয়ে ব্যাগে ভরে বাড়ি পাঠিয়ে দিতে হবে।’’
মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি সম্পর্কে বিরোধী দলনেতা শুভেন্দু বলেন, ‘‘এই কথার জন্য মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম পড়ে হেয়ার স্ট্রিট থানা এলাকায়। আমি সেখানে গিয়ে মমতার বিরুদ্ধে এফআইআর করব।’’

