কলকাতা 

অভিষেক সিজিও কমপ্লেক্সে গেলেন,এক ঘন্টা পর বেরিয়ে এলেন! ডাকলে আবার যাবেন!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : ইডি ডেকেছিলেন। আর কিছু মিডিয়া এমন ভাব দেখাচ্ছিলেন মনে হচ্ছিল যেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবার ইডি গ্রেফতার করে নেবে। কিন্তু মিডিয়া যতটা গর্জে ছিল ততটা বর্ষালো না। অভিষেক ঢুকলেন এক ঘন্টার মধ্যেই বেরিয়ে এলেন সিজিও কমপ্লেক্স থেকে। ঢুকেছিলেন এগারোটা পাঁচে আর বেরিয়ে এলেন বারোটা পাঁচ ছয় এ। ইডি ডেকেছেন অথচ মাত্র এক ঘন্টার মধ্যে বিরোধী দলের কোন নেতা সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে আসছেন এই ঘটনার ইদানিং দেখা যায়নি। অভিষেক বেরিয়ে এলেন। সদর্পে বেড়িয়ে এলেন আর ৬০০০ পাতার নথি জমা দিলেন ইডি দফতরে।

সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে আসার পর সাংবাদিকদের অভিষেক বলেন, ‘‘ওঁরা তথ্য চেয়েছিলেন। আমি ওঁদের ৬০০০ পাতার নথিপত্র জমা দিয়ে এসেছি। ওঁরা বলেছেন, এত নথি দেখতে সময় লাগবে। দরকার পড়লে আপনাকে আবার ডেকে পাঠাব।’’ অর্থাৎ, আপাতত অভিষেককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না বৃহস্পতিবার। ফলে এক ঘণ্টার মধ্যে সিজিও দফতরের কাজ মিটেছে তাঁর।

তবে এর পরেই অভিষেকের সংযোজন, ‘‘আমি তদন্তে বরাবর সহযোগিতা করেছি। চাইলে আদালতের নির্দেশ মোতাবেক নথি পাঠিয়ে দিয়ে দায় সারতে পারতাম। কিন্তু আমার লুকোনোর কিছু নেই। ওরা মাত্র দু’দিন আগে আমাকে নোটিস পাঠিয়ে নথি নিয়ে সশরীরে হাজির হতে বলেছিল। তাই আমি আজ নথি নিয়ে এসেছিলাম। ভবিষ্যতেও যত বার ডাকবে, তত বার আসব।’’

প্রসঙ্গত, ঠিক দু’মাস আগেই ইডির তলব পেয়ে সিজিও দফতরে এসেছিলেন অভিষেক। গত ১৩ সেপ্টেম্বর নিয়োগ দুর্নীতির মামলায় তলব করা হয়েছিল তাঁকে। সে দিন টানা ৯ ঘণ্টা অভিষেককে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। তবে তার পর থেকে আরও দু’বার তলব করা হয়েছে তৃণমূল সাংসদকে। গত ৩ অক্টোবর এবং ৯ অক্টোবর অভিষেককে সিজিও দফতরে হাজিরা দেওয়ার জন্য চিঠি দেওয়া হয় ইডির তরফে। অভিষেক অবশ্য দু’দিনই সিজিওতে যাননি। যদিও বৃহস্পতিবার অভিষেক যে ইডির দফতরে যাবেন, তার স্পষ্ট ইঙ্গিত বুধবারই মিলেছিল তৃণমূলের তরফে।

৩ অক্টোবর দিল্লিতে তৃণমূলের ১০০ দিনের কাজের টাকা আদায় সংক্রান্ত ধর্না কর্মসূচি ছিল। অভিষেক চিঠি লিখে জানিয়ে দেন, তিনি ইডির দফতরে যাবেন না। পরে ৯ অক্টোবর তাঁকে আবার ইডি তলব করলে তিনি পাল্টা কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন। হাই কোর্ট সেই আবেদনের শুনানিতে জানিয়ে দিয়েছিল, অভিষেক আগে ইডির চাওয়া নথি জমা দেবেন। সেই নথিতে সন্তুষ্ট না হলে তবেই ইডি তাঁকে ডেকে পাঠাতে পারে।

গত ১০ অক্টোবর আদালতের নির্দেশে নিজের সম্পত্তির খতিয়ান ইডিকে দেন অভিষেক। তার পর পুজো পর্ব মিটতেই আবার ইডির তলব আসে অভিষেকের কাছে। তৃণমূলের তরফেও জানিয়ে দেওয়া হয় অভিষেক সিজিওতে যাবেন।

গত ছ’মাসে নিয়োগ দুর্নীতি মামলায় এই নিয়ে ষষ্ঠ বার তলব করা হয়েছে অভিষেককে। এর মধ্যে এক বার সিবিআই এবং পাঁচ বার ইডি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ