দেশ 

বিকশিত ভারত সংকল্প যাত্রায় আপত্তি জানালো নির্বাচন কমিশন!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : দেশ জুড়ে বিকশিত ভারত সংকল্প যাত্রার যে আয়োজন কেন্দ্র সরকার করেছে তাতে আপত্তি জানাল জাতীয় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন জানিয়েছে যে পাঁচটি রাজ্যে ভোট হতে চলেছে সেই পাঁচটি রাজ্যে এই প্রকল্প করা যাবে না। কেন্দ্রকে রীতিমতো চিঠি লিখে নির্বাচন কমিশন এই নিষেধাজ্ঞা জারি করেছে।

আগামী ১৫ নভেম্বর থেকে দেশজুড়ে ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’ করার পরিকল্পনা করেছে কেন্দ্র। যা চলবে আগামী বছরের ২৫ জানুয়ারি পর্যন্ত। উদ্দেশ্য ছিল কেন্দ্রের যাবতীয় প্রকল্পের প্রচার করা। সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পের সুফল তুলে ধরা। মূলত পাঁচ রাজ্যের বিধানসভা ভোট এবং তারপর লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে এই যাত্রার দিনক্ষণ স্থির করেছিল মোদি সরকার। কিন্তু বাদ সাধল নির্বাচন কমিশন (Election Commission)।

Advertisement

আসলে ভোটমুখী রাজ্যগুলিতে কেন্দ্র সরকারের এই বিকশিত যাত্রায় আপত্তি জানিয়েছিল কংগ্রেস। হাত শিবিরের বক্তব্য ছিল, কেন্দ্র ঘুরপথে ভোটমুখী রাজ্যগুলিতে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। কংগ্রেসের অভিযোগ পেয়ে কমিশন ভোটমুখী রাজ্যগুলিতে এই বিকশিত ভারত সংকল্প যাত্রা’ বন্ধ করার নির্দেশ দিল কমিশন। ক্যাবিনেট সচিব রাজীব গৌবাকে চিঠি লিখে নির্দেশ দিয়েছে, ভোটমুখী রাজ্যগুলিতে আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত এই যাত্রা করা চলবে না।

একই সঙ্গে কমিশনের নির্দেশ, এই যাত্রার জন্য ‘জেলা রথ পরিচালক’ হিসাবে সরকারি কর্মীদের নিয়োগ করা যাবে না। অর্থাৎ ঘুরপথে কেন্দ্র যে ভোটমুখী রাজ্যগুলিতে প্রচারের ছক কষেছিল, সেটা করা গেল না। কমিশনের এই সিদ্ধান্ত অবশ্য মেনে নিয়েছে কেন্দ্রও।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ