আজ বিকেলে তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস
বাংলার জনরব ডেস্ক: অবশেষে কলকাতায় ফিরলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Anand Bose)। কলকাতায় ফিরে তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করার কথা জানিয়ে দিলেন। শনিবার তাঁর সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়ে আবেদন জানিয়েছিল তৃণমূল। ইমেল মারফত তার জবাব দিলেন রাজ্যপাল। সোমবার বিকেল ৪টেয় তিনি রাজভবনে দেখা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্বাধীন শাসকদলের প্রতিনিধিদের সঙ্গে। পালটা ইমেলে জানিয়েছেন সি ভি আনন্দ বোস।
১০০ দিনের কাজের বকেয়া প্রাপ্তির দাবিতে গত সপ্তাহেই দিল্লিতে (Delhi) বড়সড় আন্দোলন করে এসেছে রাজ্যের শাসকদল। গ্রামবাংলার বঞ্চিতদের নিয়েই রাজঘাট, কৃষি ভবনে ধরনায় বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দল। সেখানে তাঁদের সঙ্গে সাক্ষাতের প্রতিশ্রুতি দিয়ে, দীর্ঘক্ষণ অপেক্ষা করানোর পরও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির সঙ্গে সাক্ষাৎ হয়নি। তার প্রতিবাদে কলকাতায় ফিরে রাজভবনের সামনে ধরনা শুরু করেন অভিষেক। দাবি একটাই, বঞ্চিতদের কথা রাজ্যপালকেই শুনতে হবে এবং তা তুলে ধরতে হবে দিল্লির দরবারে। সেই কারণে তাঁর সঙ্গে দেখা করতে চেয়ে আবেদন জানায় তৃণমূল (TMC)।

কিন্তু রাজ্যপাল সেই মুহূর্তে উত্তরবঙ্গ সফরে থাকায় সাক্ষাৎ সম্ভব হয়নি। তা নিয়ে অবশ্য সমালোচনাও কম হয়নি। রবিবার রাতে দমদম বিমানবন্দরে নেমে অবশ্য তৃণমূলকে খোলাখুলি রাজভবনে আমন্ত্রণ জানান সি ভি আনন্দ বোস। বলেন, ”ভোর ৪টে থেকে রাত ১১টা পর্যন্ত আমি আছি। রাজভবনে দরজা খোলা সকলের জন্য। যে কেউ দেখা করতে আসতে পারেন।” এর পর তিনি রাজভবনের নর্থ গেটে অবস্থানকারী তৃণমূল কর্মী, সমর্থকদের এড়িয়ে সাউথ গেট দিয়ে ভিতরে প্রবেশ করেন। তখন জল্পনা উসকে উঠেছিল, তবে কি তৃণমূলের সঙ্গে সাক্ষাৎ এড়িয়ে যাচ্ছেন?
রাতে অবশ্য সেই জল্পনায় ইতি টেনে রাজ্যপাল জানান, সোমবার বিকেল ৪টেয় অভিষেকদের সঙ্গে দেখা করবেন তিনি।

