ফ্ল্যাট প্রতারণাকাণ্ডে ‘বিতর্কিত’ সংস্থার ডিরেক্টর রাকেশ সিংহকে আবার তলব করল ইডি
বাংলার জনরব ডেস্ক : ফ্ল্যাট প্রতারণাকাণ্ডে ‘বিতর্কিত’ সংস্থার ডিরেক্টর রাকেশ সিংহকে আবার তলব করল ইডি। এর আগে এক বার ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল তাঁকে। কিন্তু নির্দিষ্ট দিনে রাকেশকে দফতরে প্রবেশ করতে দেখা যায়নি। আগামী সপ্তাহে কেন্দ্রীয় সংস্থা আবার তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায়। ইডি সূত্রে খবর, এই ঘটনায় অন্যতম অভিযুক্ত তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহানের কাছ থেকেও আরও কিছু নথি চেয়ে পাঠানো হয়েছে। তবে তাঁকে সশরীরে হাজিরা দিতে বলেনি কেন্দ্রীয় সংস্থা।
‘সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার’ নামে সংস্থার ডিরেক্টর রাকেশ। অভিযোগ, ২০১৪-’১৫ সালে ৪০০-র বেশি প্রবীণ নাগরিক এই সংস্থায় অর্থ জমা দেন। প্রত্যেকের কাছ থেকে সাড়ে ৫ লক্ষ টাকা করে নেওয়া হয়েছিল। বদলে তাঁদের এক হাজার বর্গফুটের ফ্ল্যাট দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা না পেয়েছেন কোনও ফ্ল্যাট, না ফেরত পেয়েছেন টাকা। বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার অভিযোগ ছিল, নুসরত এই সংস্থার অন্যতম ডিরেক্টর।
শঙ্কুদেবের আরও অভিযোগ, এ বিষয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। কিন্তু তাতে লাভ হয়নি। নুসরতের বিরুদ্ধে আদালতেও মামলা করা হয়েছিল। কিন্তু অভিযোগ, আদালতের শমন পেয়েও হাজিরা দেননি সাংসদ তথা অভিনেত্রী। তাই শেষে প্রতারিতদের নিয়ে ইডি দফতরে গিয়ে অভিযোগ জানিয়ে আসেন শঙ্কুদেব। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরে এ-ও দাবি করেন, ‘প্রতারণার’ টাকা দিয়ে পাম অ্যাভিনিউতে নুসরত ফ্ল্যাট কিনেছেন। যদিও সেই সব অভিযোগই উড়িয়ে দেন সাংসদ-অভিনেত্রী।

