গ্রেস কটেজ নজরুল সম্মান পেলেন আমিনুল ইসলাম
দীপাঞ্জন দে: ৩ সেপ্টেম্বর ২০২৩ (রবিবার) কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্য কৃষ্ণনগরের গ্রেস কটেজে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কৃষ্ণনগরের গ্রেস কটেজ পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত একটি হেরিটেজ ভবন হিসেবে বিশেষ গুরুত্বপূর্ণ। কাজী নজরুল ইসলাম তাঁর সৃষ্টিশীল জীবনের প্রায় আড়াই বছর (১৯২৬ থেকে ১৯২৮ সাল) এই বাড়িটিতেই সপরিবার ছিলেন। এখানেই তাঁর বাংলা গজল গানের সৃষ্টি— যা বাংলা সাহিত্যকলার ইতিহাসে এক অনন্য নজির। নদিয়ার সদর শহর কৃষ্ণনগরের সঙ্গে কাজী নজরুলের আরও অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে।
২০২২ সাল থেকে কৃষ্ণনগর গ্রেস কটেজ কর্তৃপক্ষ অর্থাৎ ‘সুজন পাঠাগার ও নজরুল গবেষণা কেন্দ্র’ তাদের পক্ষ থেকে নির্বাচিত একজন নজরুল গবেষককে ‘গ্রেস কটেজ নজরুল সম্মান’ প্রদান শুরু করেছে। প্রথম বছর ‘গ্রেস কটেজ নজরুল সম্মান ২০২২’-এর জন্য নির্বাচিত করা হয়েছিল বাংলার স্বনামধন্য নজরুল গবেষক ড. বাঁধন সেনগুপ্তকে। ৪ সেপ্টেম্বর ২০২২, (রবিবার) বাঁধন সেনগুপ্তের হাতে সেই সম্মান তুলে দেওয়া হয়েছিল। আর এবছর ‘গ্রেস কটেজ নজরুল সম্মান ২০২৩’-এ ভূষিত হলেন বাংলাদেশের স্বনামধন্য সাহিত্যিক আমিনুল ইসলাম। ৩ সেপ্টেম্বর, ২০২৩ (রবিবার) ‘সুজন পাঠাগার ও নজরুল গবেষণা কেন্দ্র’-র পক্ষ থেকে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর ও নদিয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান শিবনাথ চৌধুরী আমিনুল ইসলামের হাতে পুরস্কার স্মারকটি তুলে দেন।

গ্রেস কটেজের প্রথা মেনে নজরুলের আবক্ষ মূর্তি ও প্রতিকৃতিতে মাল্য অর্পণ করে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। মাল্য অর্পণ করেন তারান্নুম সুলতানা মীর, আমিনুল ইসলাম, শিবনাথ চৌধুরী এবং সুজন বাসরের সভাপতি দীপঙ্কর দাস। এরপর উদ্বোধন সংগীত হিসেবে সমবেত কন্ঠে ‘দুর্গম গিরি কান্তার মরু’ গাওয়া হয়, যাতে অংশগ্রহণ করেন শঙ্খশুভ্র সরকার, দীপঙ্কর দাস, চঞ্চল ঘোষ, ইনাস উদ্দীন এবং সুকৃতি ঘোষ।
গ্রেস কটেজের পক্ষ থেকে এদিন স্বাগত ভাষণ রাখেন দীপাঞ্জন দে। ‘গ্রেস কটেজ নজরুল সম্মান’ প্রদান সম্পর্কিত কিছু কথা এবং সুজন বাসরের বাৎসরিক কর্মকাণ্ডের কথা তাঁর বক্তব্যের মধ্যে দিয়ে উঠে আসে। স্বাগত ভাষণের পর পুরস্কার প্রদানের অনুষ্ঠান সম্পন্ন হয়। পুরস্কার প্রাপক আমিনুল ইসলাম তাঁর বক্তব্যে গ্রেস কটেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং নজরুল বিষয়ক কিছু প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করেন। এদিনের সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন গ্রেস কটেজের সম্পাদক ইনাস উদ্দীন। সভাপতি দীপঙ্কর দাস ধন্যবাদ জ্ঞাপনের মধ্যে দিয়ে এদিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

