দেশ 

অশান্ত কবলিত মণিপুরে বিজেপি সরকারের উপর থেকে সমর্থন তুলে নিল এনডিএ শরিক

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক: অশান্ত কবলিত মণিপুরে (Manipur) বড়সড় ধাক্কা খেল বিজেপি (BJP) সরকার। মুখ্যমন্ত্রী এন বিরেন সিংয়ের (N Biren Singh) সরকার থেকে সমর্থন প্রত্যাহার করল এনডিএ শরিক কুকি পিপলস অ্যালায়েন্স। রাজ্যপালের কাছে চিঠি দিয়ে নিজেদের সমর্থন প্রত্যাহারের কথা জানিয়েছেন দলের প্রেসিডেন্ট তংম্যাং হাওকিপ।

প্রায় তিনমাস ধরে জাতি সংঘর্ষের আগুনে জ্বলছে গোটা মণিপুর। প্রতিদিনই সেরাজ্যে মৃতের সংখ্যা বাড়ছে। একে অপরের উপর হামলা চালাচ্ছে রাজ্যের দুই জাতি-কুকি ও মেতেই। এহেন পরিস্থিতিতে একাধিকবার প্রশ্নের মুখে পড়েছে মুখ্যমন্ত্রী এন বিরেন সিংয়ের ভূমিকা। চাপের মুখে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েও একেবারে শেষ মুহূর্তে তা প্রত্যাহার করেছিলেন তিনি। এবার নিজের সরকারের অভ্যন্তরেই বিশাল চাপের মুখে পড়লেন বিজেপির মুখ্যমন্ত্রী।

Advertisement

জানা গিয়েছে, রবিবারই মণিপুরের রাজ্যপাল অনসূয়া উইকের কাছে চিঠি দেন কুকি পিপলস অ্যালায়েন্সের প্রেসিডেন্ট হাওকিপ। সাফ জানিয়ে দেন, বিরেন সিংয়ের সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নিচ্ছে তাঁদের দল। চিঠিতে লেখা হয়েছে, “বর্তমান পরিস্থিতি খুব গভীরভাবে খতিয়ে দেখেছি। আমাদের ধারণা, এন বিরেন সিংয়ের সরকারকে সমর্থন করে আর কোনও ফল মিলবে না। তাই সরকারের প্রতি আমাদের সমর্থন প্রত্যাহার করে নিচ্ছি।” প্রসঙ্গত, এই দল থেকে দু’জন বিধায়ক রয়েছেন মণিপুরের সরকারে।

এনডিএ শরিকের কাছে ধাক্কা খাওয়ার পরেই মণিপুরের নিরাপত্তা আরও বাড়াল কেন্দ্র সরকার। জানা গিয়েছে, আরও ১০ কোম্পানি আধা সেনা পাঠানো হচ্ছে সেরাজ্যে। গত ৩ মে মণিপুরে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে প্রায় ৪০ হাজার আধা সামরিক বাহিনী পাঠানো হয়েছিল। কিন্তু একাধিকবার তাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ