পঞ্চায়েত নির্বাচনে নির্বাচনী নথি বিকৃতের অভিযোগ, সিবিআই তদন্তের নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার
বাংলার জনরব ডেস্ক : পঞ্চায়েত নির্বাচনে সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। হাওড়া জেলার উলুবেরিয়া দু’নম্বর ব্লকের বিডিওর বিরুদ্ধে এই নির্দেশ দেওয়া হয়েছে । ওই আধিকারিক এর বিরুদ্ধে নির্বাচনী নথি বিকৃত করার অভিযোগ ছিল। নির্বাচনী নথি বিকৃতির অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কাশ্মীরা বিবি ও ওমজা বিবি।
সেই মামলায় বুধবার সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিন্হা। নির্বাচনী নথি বিকৃত করার অভিযোগ সংক্রান্ত এই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্ত করার নির্দেশ দিল উচ্চ আদালত।
বিচারপতি সিনহার নির্দেশ, আগামী ৭ জুলাই তদন্তের রিপোর্ট আদালতে পেশ করতে হবে সিবিআইকে। পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হতে চাওয়া উলুবেড়িয়া-২ ব্লকের কাশ্মীরা বিবি, ওমজা বিবির মনোনয়ন পত্র বিকৃত করার অভিযোগ ওঠে ওই বিডিও-র বিরুদ্ধে।
মামলাকারীদের অভিযোগ, নথি বিকৃত করার ফলেই স্ক্রুটিনি থেকে বাদ চলে যায় এই প্রার্থীদের নাম। বিডিও-র কাছে এই বিষয়ে অভিযোগ জানিয়েও কাজ হয়নি বলে দাবি করা হয়েছে।

