তীব্র তাপপ্রবাহের জেরে উত্তর প্রদেশ ও বিহারে তিন দিনে ৯৮ জনের মৃত্যু, ৪০০র বেশি হাসপাতালে ভর্তি
বাংলার জনরব ডেস্ক : তীব্র তাপপ্রবাহের জেরে দেশে ৯৮ জনের মৃত্যু হয়েছে এর মধ্যে উত্তর প্রদেশ ও বিহারে এই মৃত্যু সংঘটিত হয়েছে। উত্তরপ্রদেশে মৃত্যু হয়েছে ৫৪ জনের আর বিহারে হয়েছে ৪৪ জনের।
বালিয়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক (সিএমও) জয়ন্ত কুমার জানিয়েছেন, যে সব রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, তাঁদের বেশির ভাগেরই বয়স ৬০ বছরের বেশি। সিএমওর দাবি, জেলায় তাপপ্রবাহের কারণে হাসপাতালে ভর্তির সংখ্যা প্রতি দিন বাড়ছে। তাঁর কথায়, “তাপপ্রবাহের কারণে রোগীরা কোনও না কোনও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন।’’ সংবাদ সংস্থা এপি-কে সিএমও জানিয়েছেন, বেশির ভাগ মৃত্যু হয়েছে হৃদ্রোগে আক্রান্ত হয়ে, ব্রেন স্ট্রোক এবং ডায়েরিয়ার কারণে।
জেলা প্রশাসন সূত্রে খবর, গত ১৫ জুন মৃত্যু হয়েছে ২৩ জনের। ১৬ জুন ২০ জনের এবং ১৭ জুন বিকেল ৪টে পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বালিয়া গত কয়েক দিন ধরে তাপমাত্রা ৪০ ডিগ্রি পেরিয়েছে। মৌসম ভবনের তথ্য অনুযায়ী শুক্রবার বালিয়া সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে প্রায় ৫ ডিগ্রি বেশি।
অন্য দিকে, বিহারের পরিস্থিতিও এক। তীব্র গরমে পুড়ছে পূর্ব ভারতের এই রাজ্য। ‘ইন্ডিয়া টুডে’-র প্রতিবেদন অনুযায়ী, এই রাজ্যে গত ২৪ ঘণ্টায় ৪৪ জনের মৃত্যু হয়েছে তাপপ্রবাহে। রাজ্যের ১৮টি জায়গায় চরম তাপপ্রবাহ চলছে। ৪৪ জনের মধ্যে শুধুমাত্র পটনাতেই মৃত্যু হয়েছে ৩৫ জনের। তাঁদের মধ্যে নালন্দা মেডিক্যাল কলেজে মারা গিয়েছেন ১৯ জন এবং পটনা মেডিক্যাল কলেজে মৃত্যু হয়েছে ১৬ জনের। বাকি ন’জনের মৃত্যু হয়েছে রাজ্যের অন্যান্য জেলা থেকে।

