দেশ 

কোচবিহারে বিজেপি প্রার্থীর দেওরকে কুপিয়ে খুন

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : কোচবিহারের দিনহাটায় কুপিয়ে খুন করা অভিযোগ উঠল বিজেপির প্রার্থীর দেওরকে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহত ব্যক্তির বৌদি বিশাখা দাস পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছেন।

শনিবার মধ্যরাতে দিনহাটার দু’নম্বর ব্লকের কিসামত দশগ্রামের টিয়াদহ এলাকার একটি পাটক্ষেত থেকে শম্ভু দাসের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়। তাঁকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহত ব্যক্তিও বিজেপি করতেন।

এই প্রসঙ্গে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সানিরাজ জানান, পাটক্ষেতে শম্ভু দাস নামে ২৮ বছর বয়সি এক যুবকের দেহ উদ্ধার হয়েছে। সাহেবগঞ্জ থানার কাছে এই মর্মে প্রথম খবর আসে। মৃতের দেহে গভীর ক্ষত ছিল বলে জানিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে তারা।

মৃতের পরিজনদের বক্তব্য, রাতের দিকে বাড়িতে এসে ওই যুবককে কয়েক জন ডেকে নিয়ে যায়। তার পর বাড়ির অদূরেই দেহ পাওয়া যায় তাঁর। পরিজনদের অভিযোগ, পঞ্চায়েত ভোটের আগে সন্ত্রাসের আবহ তৈরি করতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই শম্ভুকে খুন করেছেন। তৃণমূল অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। বিজেপির দিনহাটা শহর মণ্ডল সভাপতি অজয় রায় এই প্রসঙ্গে বলেন, বিধানসভা ভোটের পর থেকেই গোটা জেলায় লাগামহীন সন্ত্রাস শুরু করেছে তৃণমূল। মন্ত্রী উদয়ন গুহের অঙ্গুলিহেলনে আমাদের প্রার্থীর দেওরকে খুন করা হয়েছে।”

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহকে ঘটনাটিকে ‘দুঃখজনক’ বলেও ‘সস্তার রাজনীতি’ করার জন্য বিজেপিকে আক্রমণ করে। খুনের নেপথ্য অন্য কারণের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “নিহত ব্যক্তির সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক ছিল না। অথচ পঞ্চায়েত ভোটের আগে সব বিষয়েই তৃণমূলকে কাঠগড়ায় তোলা হচ্ছে।” পুলিশি তদন্তে সবটা পরিষ্কার হয়ে যাবে বলেও জানান তিনি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ