কলকাতা 

রাজ্যপাল সাপ্তাহিক রিপোর্ট চেয়েছিলেন কিন্তু পাননি, উপাচার্যদের চিঠি দিল রাজভবন

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসাবে প্রতিটা বিশ্ববিদ্যালয়ের কাছে সাপ্তাহিক রিপোর্ট চেয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু এরপরেও কোন রিপোর্ট রাজভবনে পৌঁছায়নি। এর ফলে রাজ্যপালের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের চিঠি দিয়ে বলা হলো,‘‘মাননীয় আচার্যের নির্দেশানুসারে সপ্তাহের শেষ দিনেই ওই রিপোর্ট জমা পড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এখনও পর্যন্ত এমন কোনও রিপোর্ট এসে পৌঁছয়নি।’’ এ ব্যাপারে রাজভবনের তরফে ওই চিঠিতে উপাচার্যদের প্রয়োজনীয় পদক্ষেপ করতে অনুরোধ করা হয়েছে।

এপ্রিলেই বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের তরফে একটি চিঠি গিয়েছিল রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কাছে। যে চিঠি তিনি দিয়েছিলেন রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য হিসাবে। ইমেল মারফৎ পাঠানো ওই চিঠিতে ছিল একটি নির্দেশিকা। যাতে বলা হয়েছিল, উপাচার্যদের বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক কাজের রিপোর্ট রাজভবনে আচার্যের কাছে পাঠাতে হবে। বিশ্ববিদ্যালয়গুলির আর্থিক লেনদেন সম্পর্কিত যাবতীয় বিষয়েও রাজ্যপাল বোসের আগাম অনুমোদন নিতে হবে। এমনকি, উপাচার্যদের সরাসরি রাজ্যপালের সঙ্গে যোগাযোগ করতে বলে তাঁর ইমেল এবং ফোন নম্বরও দেওয়া হয়েছিল সেই চিঠিতে। ওই চিঠি থেকেই ঘটনার সূত্রপাত।

Advertisement

ওই চিঠির আগে পর্যন্ত রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের কোনও বৈরিতা দেখা যায়নি। কিন্তু এ চিঠির পর রাজ্য সরকার এবং রাজ ভবনের বিরোধ বাধে। শিক্ষা দফতর দাবি করে, তাঁদের সম্পূর্ণ অন্ধকারে রেখে ওই চিঠি পাঠানো হয়েছে উপাচার্যদের। বিষয়টি আদৌ বৈধ কি না তা জানতে তারা আইনি পরামর্শ নেবে। অন্য দিকে, রাজভবনও চিঠি এবং নির্দেশিকা নিয়ে অনমনীয় মনোভাব দেখায়।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ