তিন সপ্তাহের মধ্যে বাস ভাড়া বৃদ্ধি করা না হলে সমস্ত বেসরকারি বাস তুলে নেওয়ার হুমকি বাস মালিক সংগঠনগুলির
বাংলার জনরব ডেস্ক : বাস ভাড়া বৃদ্ধি না করা হলে তিন সপ্তাহের মধ্যে তাহলে রাজ্যজুড়ে সমস্ত বেসরকারি বাস তুলে নেয়ার হুমকি দিল বাস মালিকদের সংগঠনগুলি। গতকাল শুক্রবার পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর নেতৃত্বে বাসভাড়া সংক্রান্ত এক বৈঠক হয়। মূলত বাস এবং অনলাইন ক্যাবের ভাড়া বৃদ্ধি নিয়ে বৈঠক হয়। এই বৈঠকের পর মাননীয় মন্ত্রী বলেছিলেন কোন ভাবেই ভাড়া বাড়ানো যাবে না। ২০১৮ সালের ভাড়া নিতে হবে এবং সেই ভাড়ার তালিকা প্রত্যেকটি বাসে টাঙ্গাতে হবে।
এই বৈঠকে অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতি, অনলাইন ক্যাব অপারেটার্স গিল্ড, নর্থ বেঙ্গল প্যাসেঞ্জার্স ট্রান্সপোর্ট অনার্স কো-অর্ডিনেশন কমিটি এবং পুলকার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যোগ দিয়েছিল। এই ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই বেসরকারি বাস মালিকদের সংগঠনগুলি একযোগে জানিয়ে দিল তিন সপ্তাহের মধ্যে বাস ভাড়া বাড়ানো না হলে রাজ্যের সমস্ত রুট থেকে বাস তুলে নেয়া হবে।
সিটি সাবারবান বাস সার্ভিসেসের তরফে টিটু সাহা বলেন, “করোনা সংক্রমণের পর বাস শিল্পের কোমর ভেঙে গিয়েছে। এ ভাবে চলতে থাকলে বেসরকারি বাস পরিষেবা পুরোপুরি উঠে যাবে। তাই বাসের ভাড়া বৃদ্ধি অবশ্যম্ভাবী হয়ে পড়েছে। যদি ভাড়া না বৃদ্ধি হয় তা হলে আগামী তিন সপ্তাহ পর আমরা সব বেসরকারি বাস রাস্তা থেকে তুলে নেব।” তিনি আরও বলেন, “সরকারি ভাবে পাঁচ বছর আগে ভাড়া বৃদ্ধি হয়েছিল, কিন্তু ডিজেলের মূল্য দিন প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। এ ছাড়াও বাস চালানোর জন্য যে সমস্ত শ্রমিকদের ওপর আমাদের নির্ভর করতে হয় তাদের বেতন আর আগের জায়গায় আটকে নেই। এই সব বিষয়গুলির দিকে নজর দিয়েই আমরা রাজ্য সরকারকে সিদ্ধান্ত নিতে বলব।” বাসমালিকদের এমন হুমকিকে খুব বেশি আমল দিতে চায় না পরিবহণ দফতর। তাঁদের একাংশের কথায়, এই ধরনের হুমকি বেসরকারি বাসমালিকরা আগেও দিয়েছেন। কিন্তু সরকারের কঠোর পদক্ষেপে বার বার তাদের পিছু হটতে হয়েছে। বেসরকারি বাসমালিকেরা ধর্মঘটের পথে গেলে সরকারও তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে বাধ্য হবে।

