আসানসোলে কয়লা খনিতে ধস, ২৫ জন আটকে থাকার সম্ভাবনা!
বাংলার জনরব ডেস্ক : আসানসোলে ফের কয়লা খনিতে ধস। জানা গেছে অন্য রাজ্য থেকে শ্রমিক এনে অবৈধ ভাবে কয়লা খাদানে ঢুকে কয়লা চুরির কাজ করছিল ঠিক সেই সময় ওই খনিতে ধস নামে খনির নিচে ২৫ জন আটকে আছে বলে জানা গেছে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং সিআইএসএফ। কোলিয়ারির কর্তৃপক্ষের প্রতিনিধিও সেখানে রয়েছেন।
রবিবার সকালে কুলটি থানার বোডরা গ্রামে বিসিসিএলের ১২ নম্বর হাজলা পিটের বিস্তীর্ণ অংশে ধস নামে। স্থানীয়রা জানাচ্ছেন, ২০ থেকে ২৫ জন চাপা পড়তে পারেন ওই খনিতে। ইতিমধ্যে এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঠিক কত জন খনির ভিতরে আটকে রয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, অবৈধ ভাবে ওই খনিতে কয়লা চুরি করতে নামার ফলে এই দুর্ঘটনা ঘটেছে। যদিও এ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন বিসিসিএল খনি কর্তৃপক্ষ। অন্য দিকে, গ্রামবাসীরাও নির্দিষ্ট করে কিছু বলতে চাইছেন না। তাঁদের শুধু অভিযোগ, রবিবার ভোরে কয়লা খনিতে কয়লা চুরি করতে নামেন কয়েক জন। সেই সময় আচমকা খনিতে ধস নামে। তাতে পড়ে চাপা পড়েন কয়েক জন।
এ নিয়ে লালন মেহরা নামে স্থানীয় বিজেপি কাউন্সিলরের অভিযোগ, এই অবৈধ কয়লা কারবার নিয়ে প্রশাসন এবং কোলিয়ারি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা। কিন্তু কোনও কাজ হয়নি। কাউন্সিলরের কথায়, ‘‘এখানে অবৈধ ভাবে কয়লা কারবার চলছে। কিন্তু কাউকে জানিয়েও কোনও কাজ হয়নি। পুলিশ ও প্রশাসনের সঙ্গে মিলে সিন্ডিকেটের মতো এই অবৈধ কাজ হয়।’’ তাঁর সংযুক্তি, ‘‘এখানে বেকারত্বের সমস্যা চূড়ান্ত। প্রতি দিন খাটাখাটি করে হয়তো সাকুল্যে ১০০ টাকা পান। সেই সুযোগ নিয়ে কোটি কোটি টাকার ব্যবসা করেন অন্যেরা।’’

