গাড়ি দুর্ঘটনায় আহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাই
বাংলার জনরব ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাই প্রহল্লাদ মোদি র গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে তিনি সপরিবারে বান্দিপুরা যাওয়ার পথে তার মার্সিডিজ বেঞ্জ গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এর ফলে মোদিজীর ভাই সহ তার স্ত্রী ছেলে ছেলের বউ ও নাতি সকলেই কম বেশি আহত হয়েছেন।
জানা গেছে, বান্দিপুরা যাওয়ার পথে কর্ণাটকের মাইসুরুর (Mysuru) কাছে দুর্ঘটনায় পড়ে প্রহ্লাদের মার্সিডিজ বেঞ্জ গাড়িটি। মঙ্গলবার দুপুর ২টো নাগাদ কোনওভাবে রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। এতেই গাড়ির সামনের অংশ ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেই তুলনায় শরীরে আঘাত নগন্য। তবে কমবেশি সকলেই আহত হয়েছেন দুর্ঘটনায়।
আহত হয়েছেন মোদির ভাই প্রহ্লাদও। তাঁর স্ত্রী, ছেলে, ছেলের বউও আহত হয়েছেন। তবে সবেচেয়ে বেশি আঘাত পেয়েছে প্রহ্লাদের নাতি। তার পা ভেঙেছে বলে জানা গিয়েছে। বাকিদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র প্রাথমিক চিকিৎসা করেই ছেড়ে দেওয়া হয়।
উল্লেখ্য, ভাই হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরোধী প্রহ্লাদ। গত আগস্টে দাদার বিরোধিতায় তৃণমূল (TMC) নেতাদের সঙ্গে হাত মেলান প্রহ্লাদ মোদি। সদলবলে দিল্লিতে (Delhi) দেখা করেছিলেন তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের (Sudip Bandyopadhyay) সঙ্গে। এর আগে দিল্লির যন্তর-মন্তরে ধরনায় বসে কেন্দ্র সরকারের বিরুদ্ধে রেশন ডিলারদের বঞ্চনার অভিযোগ করতে দেখা গিয়েছিল প্রহ্লাদ মোদিকে। এরপরেই নিজেদের সমস্যা সমাধানে তৃণমূলের দুয়ারে হাজির হয়ে প্রধানমন্ত্রীর ভাই কেন্দ্র সরকারকে বার্তা দিয়েছেন। তবে প্রহ্লাদ সবসময়েই বলে থাকেন, তিনি তাঁর ভাইয়ের বিরুদ্ধে নন, তাঁদের প্রতি কেন্দ্রীয় সরকারের বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে।

