অনুব্রতের লটারি টিকিটের ‘আসল’ মালিককে! নোটিস ধরালো সিবিআই
বাংলার জনরব ডেস্ক : আজ বৃহস্পতিবার সাত সকালে নানুরের বড়শিমুলিয়া গ্রামে শেখ নুর আলি নামে এক ব্যক্তিকে সিবিআই আধিকারিকরা নোটিস ধরিয়েছেন। সূত্রের খবর, তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নামে লটারি পাওয়ার ঘটনায় নুরকে এই নোটিস দেওয়া হয়েছে। গরু পাচার মামলায় তদন্তে নেমে অনুব্রতের নামে এক কোটি টাকার লটারি পাওয়ার তদন্তে নামেন সিবিআই আধিকারিকরা। সিবিআই মনে করছে, এই নুর-ই আসলে এক কোটি টাকার লটারির টিকিট জিতেছিলেন। কিন্তু পরে সেই টিকিট পৌঁছে যায় দাপুটে নেতা অনুব্রতের হাতে। আর সেই সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই নুরকে নোটিস ধরাল সিবিআই। বেশ কিছু নথিপত্র নিয়ে তাঁকে আজই বিশ্বভারতীর অস্থায়ী সিবিআই ক্যাম্পে দেখা করতে বলা হয়েছে বলেও সূত্রের খবর।
সিবিআই আধিকারিকদের সন্দেহ, গরু পাচারের কালো টাকা সাদা করার উদ্দেশ্যেই লটারিকে মাধ্যম করে নেওয়া হয়েছিল। ঘটনাচক্রে, যাঁদের নাম গরু পাচার মামলায় জড়িয়েছে, তাঁদের নামেই এই লটারিগুলির খোঁজ মিলছে। যা একেবারেই কাকতালীয় নয় বলেই মনে করছেন সিবিআই আধিকারিকরা।


