জেলা 

আলু বীজ ও সার বিক্রির ক্ষেত্রে কালোবাজারি সহ কৃষকদের একাধিক দাবিতে পোলবা দাদপুরের কৃষি অধিকর্তার কাছে দাবির সনদ জয় কিষান আন্দোলনের

শেয়ার করুন

কলকাতা/পোলবা দাদপুর, ৭ নভেম্বর ২০২২: দীর্ঘদিন ধরেই হুগলির বিভিন্ন সমষ্টির মতোই পোলবা দাদপুরে আলু বীজ ও সারের কালোবাজারি চলছে৷ সার ও বীজ কোনোরকম এমআরপি ছাড়াই ইচ্ছেমতো চড়া দামে চাষিদের বিক্রি করা হচ্ছে৷ সারের সঙ্গে ট্যাগিং করে সারের আনুষাঙ্গিক হিসেবে বিক্রি করা হচ্ছে বেশ কিছু অপ্রয়োজনীয় পণ্য৷ সেগুলোও কৃষকদের কিনতে বাধ্য করা হচ্ছে৷ এছাড়াও মান্ডিতে কৃষকদের থেকে ধান কেনার নামে কুইন্টাল প্রতি অতিরিক্ত ৭ কেজি ধান বিনামূল্যে নেওয়া হচ্ছে চাষিদের কাছ থেকে।

চড়া হারে ফসল বিমার অর্থ নেওয়া হচ্ছে কৃষকদের থেকে। চলছে কৃষককে লুট করার কাজ৷ এই বিষয়গুলো যাতে বন্ধ হয়, কালোবাজারিতে যাতে প্রতিহত হয়, অপ্রয়োজনীয় দ্রব্য যাতে সারের সঙ্গে কৃষককে কিনতে বাধ্য না করা হয়, বীজ ও সারের নির্দিষ্ট এমআরপি যাতে প্রশাসনিকভাবে বেঁধে দেওয়া হয়, কুইন্টাল প্রতি অতিরিক্ত ধান সংগ্রহের পরিমাণ ৭ কেজির বদলে যাতে ২ কেজিতে নামিয়ে আনা হয় এবং ফসলবিমার নামে চড়া হারে কৃষকের থেকে টাকা কেটে নেওয়া বন্ধ করে ন্যায্য হারে ফসল বিমার অঙ্ক ধার্য হয় আর তার ভিত্তিতে কৃষকেরা যাতে উপযুক্ত ক্লেইম পেতে পারেন — এইসব দাবিকে সামনে রেখে পোলবা দাদপুরের কৃষকেরা বাইক মিছিল করে সহ কৃষি অধিকর্তার কাছে গিয়ে দাবিসনদপত্র পেশ করলেন ‘জয় কিষাণ আন্দোলন’-এর হুগলি জেলা কমিটির নেতৃত্বে৷

Advertisement

 

এই সমস্ত দাবির পাশাপাশি ফসল কাটার যন্ত্রের সঠিক মূল্য নির্ধারণ, সকল ফসলের উপযুক্ত ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করা এবং কৃষিকাজের পাম্প চালানোর জন্য বিদ্যুতের মাশুল কম করার মতো আরও বেশ কিছু দাবির কথা দাবিপত্রে সুস্পষ্টভাবে উল্লেখ ছিল৷

এই সকল দাবিগুলোকে সামনে রেখে এদিন দুপুরে জয় কিষাণ আন্দোলনের ডাকে হুগলির পোলবা দাদপুরের সুদর্শন মোড় থেকে ৫০ জন কৃষক বাইক র‍্যালি করে সহ কৃষি অধিকর্তার কাছে পৌঁছিয়ে দাবিসনদপত্র প্রদান করেন৷ পুরোভাগে ছিলেন জয় কিষাণ আন্দোলনের হুগলি জেলা সভাপতি সুশান্ত কাঁড়ি-সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সহ কৃষি অধিকর্তার তরফে জানানো হয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে যাতে বিষয়গুলোর নিষ্পত্তি হয় সেটা প্রশাসনের তরফে দেখা হচ্ছে। সুশান্ত কাঁড়ি এই বিষয়ে স্পষ্ট জানিয়েছেন, কৃষকদের এই ন্যায্য দাবিপূরণ না হলে প্রশাসনের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নামা হবে। আগামী বুধবার থেকে পোলবা ব্লক জুড়ে লাগাতার পথসভা কর্মসূচি নিচ্ছে জয় কিষাণ আন্দোলন।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ