ডিএ মামলার ভবিষ্যৎ এখন সুপ্রিম কোর্টে! কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য, সোমবার শুনানির সম্ভাবনা
বাংলার জনরব ডেস্ক : মহার্ঘ ভাতা বা ডিএ মামলায় কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছে রাজ্য সরকার। আজ শুক্রবার মহার্ঘভাতা নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় কার্যকর না করার জন্য আদালত অবমাননার মামলার শুনানি ছিল। সেই মামলার শুনানিতে হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সমন্তের ডিভিশন বেঞ্চে হলফনামা দিয়ে স্পষ্ট রাজ্য সরকারের আইনজীবী জানিয়ে দেন যে তারা এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছে।হলফনামায় রাজ্যের দাবি, আদালত অবমাননার মামলা গ্রহণযোগ্য নয়। সূত্রের খবর, সোমবার শীর্ষ আদালতে এই মামলার শুনানি হতে পারে।
কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে রাজ্যের সরকারি কর্মচারী সংগঠনগুলির লড়াই দীর্ঘ দিনের। এ নিয়ে অতীতেও মামলা গড়িয়েছিল আদালতে। চলতি বছরের ২০ মে হাই কোর্ট নির্দেশ দিয়েছিল, তিন মাসের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতা মেটাতে হবে রাজ্য সরকারকে। যার জেরে রাজ্যের সরকারি কর্মীদের ৩১ শতাংশ হারে ডিএ দিতে হবে। কিন্ত সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও ডিএ না দেওয়ায় হাই কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের হয়।
আদালত অবমাননার মামলা শুনানিতে আজ রাজ্য সরকারের আইনজীবী স্পষ্ট ডিভিশন বেঞ্চকে জানিয়ে দিল তারা এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছে। এরপর রাজ্য সরকারের কর্মচারীরা মহার্ঘ ভাতা পাবে কি, পাবে না সেই সিদ্ধান্ত নেওয়ার ভার এখন সুপ্রিম কোর্টের হাতে রইল। তবে পঞ্চায়েত নির্বাচনের আগে মমতা সরকারের এই ধরনের সিদ্ধান্ত বুমেরাং হতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ রাজ্য সরকারের কর্মচারীরা যদি ঠিকমতো কাজ না করে তাহলে সরকারের যে প্রকল্পগুলি আছে তা সঠিকভাবে বাস্তবায়ন হবে না।
মনে রাখতে হবে বামফ্রন্ট সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার নেপথ্যে সরকারি কর্মচারীদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি । মমতা সরকার ক্ষমতা আসার পর থেকে যেভাবে সরকারি কর্মচারীদের নানাভাবে বঞ্চিত করা হচ্ছে তার প্রভাব নির্বাচনগুলিতে পড়তে পারে বলে রাজনৈতিক মহল মনে করছে। আর এই সুযোগে বিজেপি সরকারি কর্মচারীদের আরো বেশি মমতা সরকার বিরোধী করে তুলতে পারে।

