“আমার পূর্বপুরুষরা কখনও হার মানতে শেখাননি। আমরা লড়াই করব আর জিতবও,আপনারা আমাকে প্রশ্ন করছেন কেন? ক্ষমতা থাকলে আমাকে সোজা গ্রেফতার করে ফেলুন” ইডিকে সরাসরি চ্যালেঞ্জ জানালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন
বাংলার জনরব ডেস্ক: দেশের একমাত্র আদিবাসী মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে খনি দুর্নীতি ও আর্থিক তছরূপ মামলায় তলব করেছিল ইডি। কিন্তু আজ বৃহস্পতিবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন স্পষ্ট জানিয়ে দিলেন তদন্তকারী সংস্থার দফতরে তিনি হাজিরা দেবেন না যদি ক্ষমতা থাকে তাকে গ্রেফতার করুক করুক ইডি। তিনি এদিন বলেন, একজন আদিবাসী মুখ্যমন্ত্রীকে সহ্য করতে পারছেন না কেন্দ্রীয় সরকার তিনি আজ আদিবাসীদের এক অনুষ্ঠানে যোগ দেন এবং একই সঙ্গে দলীয় কর্মীদের সঙ্গেও বৈঠক করেন।
নিজের বাসভবনের বাইরে দলীয় কর্মীদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে হেমন্ত সোরেন বলেন, “যদি আমি দোষী হয়ে থাকি, তাহলে আপনারা আমাকে প্রশ্ন করছেন কেন? ক্ষমতা থাকলে আমাকে সোজা গ্রেফতার করে ফেলুন। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত ঝাড়খণ্ড সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করছে বিজেপি। সেই জন্যই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহার করা হচ্ছে। আমি ইডি, সিবিআইকে ভয় পাই না। সাংবিধানিক সংস্থাগুলির অপব্যবহার করে বিরোধীদের কন্ঠস্বর দাবিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।”
ঝাড়খণ্ডে কংগ্রেসের সঙ্গে জোট গড়ে সরকার গঠন করেছিল হেমন্ত সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। হেমন্তের দাবি, আদিবাসী ও সংখ্যালঘুদের অধিকারের জন্য লড়াই করেন তিনি। সেই জন্যই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কেন্দ্রীয় সরকার। কর্মীদের উদ্দেশে হেমন্ত বলেছেন, “আমার পূর্বপুরুষরা কখনও হার মানতে শেখাননি। আমরা লড়াই করব আর জিতবও। আমাদের সরকার সমাজের সকল স্তরের মানুষের জন্যই অসাধারণ কাজ করছে। সেটা বিরোধীরা সহ্য করতে পারছে না।”
প্রসঙ্গত, খনি দুর্নীতি নিয়ে বেশ কিছুদিন ধরেই চাপে রয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই তাঁর বিধায়ক পদ কেড়ে নেওয়ার সুপারিশ করেছে নির্বাচন কমিশন। যদিও ঝাড়খণ্ডের রাজ্যপাল এখনও এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেননি। মহারাষ্ট্রের আদলে এই রাজ্যেও অপারেশন লোটাস চালানোর অভিযোগ আনা হয়েছিল বিজেপির বিরুদ্ধে। পশ্চিমবঙ্গ থেকে টাকা সমেত ধরা পড়েন ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ক। তবে শেষ পর্যন্ত সরকার টিকিয়ে রাখতে পেরেছিলেন হেমন্ত।

