ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধীর সঙ্গে হাঁটলেন বিশিষ্ট অভিনেত্রী-প্রযোজক পূজা ভাট
বাংলার জনরব ডেস্ক : রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় দেশের সেলিব্রিটিরা একের পর এক যোগ দিচ্ছেন। আজ এই যাত্রায় যোগ দিলেন বিশিষ্ট অভিনেত্রী-প্রযোজক পূজা ভাট (Puja Bhatt)। বেশ কিছুক্ষণ ভারত জোড়ো যাত্রায় হাঁটেন তিনি। রাহুলের (Rahul Gandhi) সঙ্গে কথাও বলেন।
কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ভারত জোড়ো যাত্রার আজ বুধবার ৫৬তম দিন। এদিন সকালে তেলেঙ্গানায় রাহুলের যাত্রায় যোগ দেন পূজা। পরে কংগ্রেসের তরফে টুইটারে লেখা হয়, “আজ সকালে তেলঙ্গানার হায়দরাবাদ শহর থেকে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা পুনরায় শুরু হয়েছে। অভিনেত্রী- প্রযোজক পূজা ভাট এদিন যোগ দিয়েছেন।” কংগ্রেসের (Congress) দাবি, ‘ভারত জোড়ো’ যাত্রায় রোজ নতুন নতুন ইতিহাস তৈরি হচ্ছে। প্রতিদিন ভালবাসার মানুষের সংখ্যা বাড়ছে।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, শোভাযাত্রার সামনেই রয়েছেন পূজা ভাট। সেখানে রাহুলের সঙ্গে তাঁকে হাত মেলাতেও দেখা যায়। তাঁদের মধ্যে কিছু কথাবার্তাও হতে দেখা যায় ভিডিয়োতে। বলিউডের অন্যতম পরিচিত নাম পূজা ভাট। পূজার আগে জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী পুনম কৌরকেও রাহুলের সঙ্গে হাঁটতে দেখা গিয়েছে। অভিনেত্রী স্বরা ভাস্করও (Swara Bhaskar) আগে রাহুলের এই যাত্রার প্রশংসা করেছেন। প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনকেও আগে দেখা গিয়েছে ভারত জোড়ো যাত্রায়।
কংগ্রেসের দাবি, সাধারণ মানুষের পাশাপাশি সেলিব্রিটিরাও ‘ভারত জোড়ো’ যাত্রায় অংশ নিচ্ছেন। এতেই বোঝা যাচ্ছে এই যাত্রা কতটা সফল। আসলে রাহুলের ‘ভারত জোড়ো যাত্রা‘ (Bharat Jodo Yatra) কংগ্রেসের জন্য অনেকাংশে মৃত সঞ্জীবনীর মতো কাজ করছে।
কংগ্রেস সভাপতি মল্লিকা অর্জুন খাড়গে ওই যাত্রা থেকে দাবিও করেছেন যে, “দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখে লাখে মানুষ ভারত জোড়ো যাত্রায় যোগ দিচ্ছেন। এটাই সংকেত দিচ্ছে যে আগামী ২০২৪ সালে কংগ্রেস ক্ষমতায় আসছে।”

