বিসিসিআইয়ের সভাপতি পদ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে অন্যায়ভাবে সরিয়ে দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রীকে বলবো? ওকে, আইসিসিতে পাঠানো হোক দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার জনরব ডেস্ক : বিসিসিআইয়ের সভাপতি পদ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে অন্যায়ভাবে সরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে বিমানবন্দরে বলেন, কেন সৌরভকে অন্যায় ভাবে বাদ দেওয়া হল? অমিত শাহের ছেলে যেখানে বোর্ডে রয়েছেন, সেখানে কোন যুক্তিতে সৌরভকে বাদ দেওয়া হয়েছে সেই প্রশ্ন তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী।
দমদম বিমানবন্দরে তিনি বললেন, ‘‘আমি সারা পৃথিবীর ক্রিকেট প্রেমীদের তরফ থেকে বলব, সৌরভ আমাদের গৌরব। সৌরভ যথেষ্ট দক্ষতার সঙ্গে মাঠেও খেলেছে, প্রশাসনও চালিয়েছে। ও বিসিসিআইয়ের সভাপতি ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশ সৌরভের জন্য ছিল, অমিত শাহের ছেলের জন্যও ছিল। তা হলে সৌরভকে বাদ দেওয়া হল কোন উদ্দেশ্যে?’’

একটু থেমে মমতা জানান, এই বঞ্চনা পুষিয়ে দেওয়ার একমাত্র উপায় হল সৌরভকে আইসিসিতে পাঠানো। তিনি বলেন, ‘‘জগমোহন ডালমিয়া, শরদ পওয়াররা আইসিসিতে গিয়েছিলেন। সৌরভও আইসিসিতে প্রতিনিধি ছিল। আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি, দয়া করে সৌরভকে আইসিসির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হোক।’’

