প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট বিজ্ঞপ্তি নিয়ে হাইকোর্টে মামলা! সোমবার ফের শুনানি
বাংলার জনরব ডেস্ক : শিক্ষক নিয়োগে দুর্নীতির নিয়ে রাজ্য সরকার যখন বেশ খানিকটা চাপে পড়েছে ঠিক তখনই প্রাথমিকের শিক্ষক নিয়োগ করতে চেয়ে বিজ্ঞপ্তি দিয়ে সেই চাপমুক্ত হতে চেয়েছিল নবান্ন। কিন্তু তাজের সম্ভব হচ্ছে না আজ বৃহস্পতিবার সেটা স্পষ্ট হয়ে গেছে। প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে গত ২৯ শে সেপ্টেম্বর সার্কুলার জারি করেছিল রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই বিজ্ঞপ্তিতে বেশ খানিকটা পরিবর্তন করে সমস্যা মেটাতে চেয়েছিল শিক্ষা পর্ষদ কিন্তু তা মিটলো না শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে।
আজ বৃহস্পতিবার এ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করল কলকাতা হাই কোর্টও। বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের একক বেঞ্চের মন্তব্য, ‘‘এখন তো দেখা যাচ্ছে বার বার সমস্যার মুখে পড়ছে পর্ষদ। কোনও পদক্ষেপ করলেই মামলা হচ্ছে।’’ এদিন পর্ষদের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে বেশ কয়েকটি মামলা দায়ের হয় উচ্চ আদালতে। বৃহস্পতিবার এই মামলায় কোনও অন্তর্বর্তী নির্দেশ দেয়নি হাই কোর্ট। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি রয়েছে।
গত ২৯ সেপ্টেম্বর প্রাথমিক স্কুলে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষকের নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে পর্ষদ। সেখানে বলা হয়, ডিএলএড (ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন)-এর পাশাপাশি বিএড (ব্যাচেলর অব এডুকেশন) যোগ্যতাসম্পন্ন প্রার্থীরাও আবেদন করতে পারবেন। যা নিয়ে আপত্তি তুলে হাই কোর্টে মামলা করেন সুপর্ণা চট্টোপাধ্যায়-সহ বেশ কয়েক জন টেট পরীক্ষার্থী। তাঁদের মতে, ডিএলএড ডিগ্রি শুধুমাত্র টেট পরীক্ষার জন্য কাজে লাগে। আর বিএড প্রয়োজন হয় স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর মাধ্যমে শিক্ষক নিয়োগের যে কোনও পরীক্ষায়। অর্থাৎ, প্রাথমিক স্কুলের শিক্ষকের জন্য দরকার ডিএলএড ডিগ্রি। আর উচ্চ প্রাথমিক (ব্যতিক্রম স্নাতক ডিএলএড), মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগের জন্য প্রয়োজন বিএড ডিগ্রি। মামলাকারীদের বক্তব্য, প্রাথমিক স্কুলের পরীক্ষায় যদি বিএড-রা ঢুকে যায় তবে প্রতিযোগিতা আরও বাড়বে। আর বঞ্চিত হবেন ডিএলএড ডিগ্রিধারীরা। কারণ, এই যোগ্যতা নিয়ে অন্য কোথায় আবেদন করা যায় না। ফলে ডিএলএড-রাই শুধু টেটের জন্য আবেদন করতে পারবেন— এই নির্দেশ দিক আদালত।
হাই কোর্টে পর্ষদের আইনজীবী সৈকত বন্দ্যোপাধ্যায়ের সওয়াল, ‘‘২০১৮ সালের ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন (এনসিটিই)-এর নির্দেশিকা অনুযায়ী প্রশিক্ষিত সব প্রার্থীরা টেট পরীক্ষায় বসতে পারবেন। অর্থাৎ, এনসিটি-ই প্রাথমিকের চাকরিতে বিএড-দের সুযোগ দেওয়ার কথা বলেছে। তারা নিয়ামক সংস্থা। তাদের নিয়ম মেনে আমরা পরীক্ষা নিতে বাধ্য।’’ আর মামলাকারীদের আইনজীবী সোমেশকুমার ঘোষ এবং সুরজিৎ নাথ মিত্রের বক্তব্য, ‘‘রাজস্থান হাই কোর্ট এনসিটি-র ওই নির্দেশিকায় স্থগিতাদেশ জারি করে। আদালতের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় কেন্দ্রীয় সরকার। মামলাটি এখন সেখানে বিচারাধীন রয়েছে।’’ তাঁদের যুক্তি, এনসিটি যে হেতু একটি কেন্দ্রীয় সংস্থা। ফলে তাদের কোনও সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ হলে তা গোটা দেশের জন্যই কার্যকর হওয়া উচিত। ফলে এ রাজ্যেরও রাজস্থান হাই কোর্টের নির্দেশ মেনে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা উচিত ছিল।

