মাধ্যমিক ২০২৩ পরীক্ষার্থীদের জন্য আগামী রবিবার অনলাইনে অনুসন্ধানের বড় পরীক্ষার আয়োজন
নায়ীমুল হকের প্রতিবেদন : এবারের মাধ্যমিক পরীক্ষার্থীরা যেন আসন্ন পুজোর মরশুমের ছুটি নেহাতই আনন্দ করে না কাটিয়ে দেয়। পুজোর আনন্দ তো থাকবেই তবে তার সাথে সাথে মাধ্যমিকের প্রস্তুতির কথাটা যেন পুরোদস্তুর মাথায় থাকে। বলছিলেন গণিতের বিশিষ্ট শিক্ষক গৌরাঙ্গ সরখেল। অনুসন্ধান কলকাতার উদ্যোগে মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য পর পর হয়ে চলেছে প্রতিমাসে পরীক্ষা, বিষয় এবং অধ্যায়ভিত্তিক বিশেষ প্রস্তুতি ক্লাস, ভিত মজবুত করার টেকনিক, মোটিভেশনাল সেশন ইত্যাদি। এ সমস্ত কর্মকাণ্ড প্রায় একাহাতে সামলাচ্ছেন গৌরাঙ্গ স্যার। আগামী রবিবার ২৫ সেপ্টেম্বর সকাল ১১ টায় অনলাইনে মাসিক প্রস্তুতি পরীক্ষা প্রসঙ্গে তিনি বলছিলেন, আগামী মাধ্যমিক পর্যন্ত ছ’ পর্বের পরীক্ষার এটা তৃতীয় পর্ব। নির্দিষ্ট সিলেবাসের ভিত্তিতে প্রতিটি বিষয়ে দশটি করে এমসিকিউ প্রশ্ন থাকে প্রতিটি পরীক্ষা পর্বে। ছাত্র-ছাত্রীদের উৎসাহ দিতে প্রতিটি পর্বে সেরাদের মধ্যে নির্বাচিত সেরা ছাত্র-ছাত্রীকে পুরস্কৃত করা হয়।
গৌরাঙ্গ বাবু আরো জানালেন প্রতিটি পর্বের পরীক্ষায় ছাত্র-ছাত্রীদের মধ্যে উত্তরোত্তর উৎসাহ বৃদ্ধি পাচ্ছে। এটা খুবই আশার কথা। আমরা এরকমই চেয়েছিলাম। বিশেষ করে প্রান্তিক অঞ্চলের ছাত্র-ছাত্রীরা অনলাইনের এই সুবিধা গ্রহণ করুক, এটাই ছিল আমাদের পরিকল্পনা। নিজস্ব পরিমন্ডলের বাইরে বেরিয়ে বইপত্র, পরীক্ষা-নিরীক্ষা, বিভিন্ন ধরনের ক্লাসের সুযোগ শহরের ছাত্র-ছাত্রীদের তুলনায় তাদের অনেক কম। তাই অনলাইনে এ সমস্ত কিছু আমরা পৌঁছে দিতে চাই। অবশ্য এর পাশাপাশি কয়েকটি প্রান্তিক অঞ্চলকে চিহ্নিত করে আমরা তাদের কাছে পৌঁছে যেতে চাই অফলাইনেও। সম্পূর্ণ বিনামূল্যে তাদের জন্য ক্লাস নিতে অত্যন্ত আগ্রহী অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা। এমনকী তাদের জন্য পরীক্ষা সামগ্রী, মূল্যবান পরামর্শ সম্বলিত প্রিন্টেড মেটেরিয়ালও প্রস্তুত করা হচ্ছে, বলে জানান তিনি। বিশেষ করে অতিমারি পরবর্তী পরিস্থিতির দিকে তাকিয়ে ছাত্র-ছাত্রীদের স্বার্থে এই কাজগুলি খুবই জরুরি বলে জানিয়েছেন বহু বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা। তাঁরাও এই উদ্যোগে সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার কথা জানিয়েছেন। ছাত্র-ছাত্রীদের জন্য অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে এ ধরনের উদ্যোগে অত্যন্ত সন্তুষ্ট বিভিন্ন অঞ্চলের অভিভাবকেরাও। তাঁরাও বিভিন্নভাবে এই উদ্যোগে পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন।
অনুসন্ধান কলকাতার এই আয়োজনে সকলকে স্বাগত জানিয়েছেন বারাসাত মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক অনুসন্ধানের সভাপতি শেখ আলী আহসান। অনুসন্ধান কলকাতার মুখ্য পরামর্শদাতা বিশিষ্ট কৃষিবিজ্ঞানী অধ্যাপক মতিয়ার রহমান খান ছাত্র-ছাত্রীদের স্বার্থে আরও কীভাবে এগিয়ে আসা যায়, তা নিয়েও ভাবনা চিন্তা চলছে বলে জানিয়েছেন।

