সময় মত প্রজেক্ট জমা না দেওয়ায় অভিভাবকদের ডাকার কথা বলায় শিক্ষকের বাইক পুড়িয়ে দিল ছাত্ররা
বাংলার জনরব ডেস্ক : আজ মঙ্গলবার প্রজেক্ট জমা করার শেষ দিন ছিল কিন্তু কয়েক জন ছাত্র জমা দেয় নি। তারা দাবি করে বুধবার জমা দেবো প্রজেক্ট। এ নিয়ে শিক্ষক মহাশয়ের সঙ্গে বিতর্ক বাধে। এরপর অভিভাবক ডাকার কথা বললে কিছু ক্ষণ পরেই স্কুল চত্বরে দাঁড়িয়ে থাকা একটি মোটরবাইকে আগুন লাগিয়ে পালায় তারা। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জনের ডিভি বয়েস হিন্দি মিডিয়াম স্কুলে। আঙুল উঠেছে ওই স্কুলের সাত ছাত্রের দিকে।
মাস দুয়েক আগেও ইংরেজিতে কেন কম নম্বর দেওয়া হল, এই দাবি তুলে শিক্ষকদের উপর হামলা চালায় দ্বাদশ শ্রেণির কয়েক জন পড়ুয়া। এমনকি, স্কুলের আসবাবপত্র থেকে দেওয়ালও ভেঙে দেয় তারা। স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, অভিযুক্ত পড়ুয়াদের অভিভাবকদের ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু কেউই আসেননি। এর পর এই ঘটনা।
যে বাইক পোড়ানো হয়েছে সেটি স্কুলের ইতিহাসের শিক্ষক অবনীকুমার বেরার। ওই শিক্ষক জানান, বাইকটি রেখেছিলেন স্কুলের মূল গেটের সামনে। হঠাৎ তাঁর কাছে খবর আসে তাঁর বাইকে আগুন ধরানো হয়েছে।
অবনীর কথায়, ‘‘এই ছেলেরা দু-তিন মাস আগে স্কুলের একটা দেওয়াল ভেঙে দেয়। ক্লোজড সার্কিট ক্যামেরা নষ্ট করে এবং ইংরেজিতে নম্বর কম পাওয়ার কারণে ইংরেজি শিক্ষকের উপর হামলা চালায়।’’

