ফ্ল্যাট নিয়ে বিবাদের জেরে প্রতিবন্ধী ছেলেকে আটকে রাখার অভিযোগ প্রোমোটার-ঘনিষ্ঠের বিরুদ্ধে
বাংলার জনরব ডেস্ক : আজ মঙ্গলবার সকালে ফ্লাট নিয়ে বিবাদের জেরে এক প্রতিবন্ধী শিশুকে ঘরের মধ্যে বেশ কয়েক ঘন্টা আটকে রাখার অভিযোগ উঠেছে এক প্রমোটরের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে, হাওড়ার ডোমজুড়ে।পুলিশ সূত্রে খবর, বছর পাঁচেক আগে ডোমজুড়ের কাছারিবাড়ি এলাকার বাসিন্দা ধনঞ্জয় প্রামাণিক এবং অন্য এক জন শরিক তাঁদের জমিতে স্থানীয় এক প্রোমোটারকে আবাসন তৈরির অনুমতি দেন। চুক্তি অনুযায়ী উভয়ের মধ্যে ফ্ল্যাট বণ্টনও হয়ে যায়। অভিযোগ, পরবর্তী সময়ে ওই প্রোমোটার নিয়ম বহির্ভূত ভাবে আরও একটি তল নির্মাণ করায় বিবাদ বাঁধে জমির মালিক ধনঞ্জয়ের সঙ্গে।
মঙ্গলবার সকাল ১১টা নাগাদ ধনঞ্জয়ের স্ত্রী যখন স্কুল ফেরত মেয়েকে নিতে আবাসনের নীচে আসেন তখন তাঁর প্রতিবন্ধী ছেলেকে প্রোমোটারের ঘনিষ্ঠ পিন্টু মণ্ডল ঘরের মধ্যে তালা বন্ধ করে দেন বলে অভিযোগ। ধনঞ্জয়ের স্ত্রী মামনি ঘরে ফিরে দেখেন তাঁদের ঘর তালা বন্ধ। তাঁর নজরে আসে তিন তলার বারান্দায় বিপজ্জনক ভাবে দাঁড়িয়ে তাঁদের ন’বছরের মানসিক প্রতিবন্ধী ছেলে। খবর দেওয়া হয় ডোমজুড় থানায়। পুলিশ আসে।
প্রায় দু’ঘণ্টা পর মিস্ত্রি ডেকে ওই ফ্ল্যাটের দরজা ভেঙে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ধনঞ্জয়। পুলিশ পিন্টুকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে। ঘটনায় আতঙ্কিত ধনঞ্জয় এবং তাঁর পরিবার। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

