কলকাতায় খানাকুল সংস্কৃতি পরিষদের সংবর্ধনা, গ্রন্থ প্রকাশ, আলোচনা ও সাহিত্য অনুষ্ঠান
সংবাদদাতা,বাংলার জনরব: গত ১৭ সেপ্টেম্বর ২২ কলকাতা সাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে অনুষ্ঠিত হলো ‘খানাকুল সংস্কৃতি পরিষদ’ এর এক ভাবগম্ভীর সাংস্কৃতিক অনুষ্ঠান। পরিষদের অন্যতম উদ্যোক্তা কাজী আমিরুল ইসলামের উদ্দেশ্য ব্যাখ্যা দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানের আকর্ষণ ছিল গ্রন্থপ্রকাশ, সম্মাননা প্রদান ও নবজাগরণের পথিকৃৎ রোকেয়া সাখাওয়াত, রাজা রামমোহন রায় এবং বিদ্যাসাগরের জীবনাদর্শ নিয়ে বিস্তারিত আলোচনা।

অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি যশস্বী লেখক পৃথ্বীরাজ সেন, বিশিষ্ট সাংবাদিক লেখক বরেন ঘোষ, বিশিষ্ট কথাশিল্পী সেখ আব্দুল মান্নান, উপরোক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান শিক্ষিকা পাপিয়া নাগ, বিশিষ্ট শিক্ষানুরাগী বাউজুল হোসেন এবং বিশিষ্ট সমাজ সেবক ফাইজাল খান সমবেত ভাবে আনুষ্ঠানিক প্রকাশ করেন লেখিকা নার্গিস সাত্তারের গবেষণা মূলক গ্রন্থ ‘লরেটো থেকে বিশ্বভারতী’। এরপর উপস্থিত অতিথিরা উপরোক্ত বিষয়ে প্রাঞ্জল বক্তব্য পেশ করে দর্শক শ্রোতাদের ঋদ্ধ করেন। এদিন পরিষদের তরফে আমন্ত্রিত অতিথি ও কয়েকজন কৃতিকে বিশেষভাবে সংবর্ধিত করা হয়।
সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন বিশিষ্ট সংস্কৃজ্ঞ তড়িৎ আঢ্য ।

