‘‘আমরা খুশি। গ্রেফতার হয়েছে শুনে ভাল লেগেছে। দিদি কাজ করছেন শুনে ভাল লেগেছে। কিন্তু ওরা কি অপরাধীদের গ্রেফতার করেছে? আমরা সিবিআই-ই চাই’’: দুই পুলিশকর্মীর গ্রেপ্তারের পর প্রতিক্রিয়া আনিসের দাদার
বাংলার জনরব ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নির্দেশের সিট হওয়ার পর দ্রুত গতিতে তদন্ত চলছে। গ্রেপ্তার করা হয়েছে দুই পুলিশকর্মীকে।কিন্তু তার পরেও সিট-এর উপর ভরসা রাখতে পারছেন না আনিসের পরিবারের সদস্যেরা। ছাত্রনেতার মৃত্যু রহস্য উদ্ঘাটনে তাঁরা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআইয়ের উপরেই ভরসা রাখছেন।
গত শুক্রবার মধ্য রাতে আনিসের মৃত্যুর পর থেকে তোলপাড় শুরু হয়েছে। বুধবার ওই ঘটনায় আমতা থানার হোমগার্ড কাশীনাথ বেরা এবং সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়েছে। তবে এই পদক্ষেপের পরেও সিবিআই তদন্তের দাবিতেই অনড় আনিসের পরিবার।
যাঁরা অপরাধী তাঁরাই যে গ্রেফতার হয়েছেন তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আনিসের দাদা সাব্বির খান। সাব্বিরের কথায়, ‘‘আমরা খুশি। গ্রেফতার হয়েছে শুনে ভাল লেগেছে। দিদি কাজ করছেন শুনে ভাল লেগেছে। কিন্তু ওরা কি অপরাধীদের গ্রেফতার করেছে? না কি সন্দেহজনক হিসাবে গ্রেফতার করেছে? ওরা যে দোষী তা প্রমাণিত হয়েছে? সঠিক লোক গ্রেফতার হয়েছে এটা বিশ্বাস হচ্ছে না। আমরা সিবিআই-ই চাই।’’

