কলকাতা 

পুজোতেও বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা কবে কোথায় বৃষ্টিপাত? দেখুন এক নজরে!

শেয়ার করুন

দুর্গাপুজোতেও বৃষ্টির হাত থেকে রেহাই মিলছে না। আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিল, অষ্টমী পর্যন্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। ভিজবে কলকাতাও। নবমী থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম।

দুর্গাপুজোর বিশেষ বুলেটিন শুক্রবার বিকেলে প্রকাশ করেছে হাওয়া অফিস। মহালয়া থেকে একাদশী পর্যন্ত কবে আবহাওয়া কেমন থাকবে, কোথায় কোথায় বৃষ্টি হতে পারে, বিশদ জানানো হয়েছে ওই বুলেটিনে।

পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী (১৫ থেকে ১৭ অক্টোবর)— কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বর্ষণের সম্ভাবনা রয়েছে।

সপ্তমী, অষ্টমী (১৮ এবং ১৯ অক্টোবর)— দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

নবমী, দশমী, একাদশী (২০ থেকে ২২ অক্টোবর)— দক্ষিণবঙ্গে মোটের উপর শুকনো আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা নেই।

কলকাতা শহরের জন্য আলাদা করে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মহালয়ায় কলকাতায় আকাশ থাকবে মূলত মেঘলা। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকায়। ১১ থেকে ১৩ অক্টোবর, তৃতীয়া পর্যন্ত শহরে বৃষ্টির তেমন পূর্বাভাস নেই। চতুর্থীতে আবার বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমীতে (১৫ থেকে ১৭ অক্টোবর) কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা ২৬ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। ১৮ এবং ১৯ অক্টোবর (সপ্তমী, অষ্টমী) কলকাতার কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নবমী, অর্থাৎ ২০ তারিখ থেকে আর বৃষ্টি হবে না।

উত্তরবঙ্গে মহালয়ার দিন বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে তার পর পঞ্চমী পর্যন্ত আর বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। ষষ্ঠী এবং সপ্তমী (১৬ ও ১৭ অক্টোবর) কোনও কোনও অংশে বৃষ্টি হতে পারে। তার পর আবার শুকনো আবহাওয়া ফিরবে উত্তরবঙ্গে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ