কলকাতা 

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৬-তম জন্মবর্ষ উদযাপন: ‘অনুসন্ধান সোসাইটি’র উদ্যোগে বিশেষ ভার্চুয়াল আলোচনা সভা ও ছাত্র-ছাত্রীদের প্রবন্ধ প্রতিযোগিতা

শেয়ার করুন

২৬ সেপ্টেম্বর: আজ প্রখ্যাত সমাজসংস্কারক ও শিক্ষাব্রতী পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের ২০৬-তম জন্মবর্ষ উপলক্ষে অনুসন্ধান সোসাইটির সৌজন্যে একটি বিশেষ অনলাইন আলোচনা সভা ও ছাত্র-ছাত্রীদের জন্য প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এবারের অনুষ্ঠানের মূল আলোচনার বিষয়বস্তু ছিল “মানবিক ও আধুনিক মননশীলতার শ্রেষ্ঠ কারিগর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর”। সমগ্র অনুষ্ঠানটি দক্ষতার সাথে সঞ্চালনা করেন বিশিষ্ট শিক্ষক ও সংগঠক জহর লাল নাইয়া।

অনুষ্ঠানের শুরুতে বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউট-এর খুদে পড়ুয়ারা চমৎকার উদ্বোধনী সংগীত পরিবেশন করে।

এরপর প্রারম্ভিক বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. শশাঙ্ক শেখর মন্ডল। অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে স্মারক বক্তৃতা প্রদান করেন প্রধান অতিথি অধ্যাপক ড. অমিত দে। সমাপ্তি বক্তৃতা রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. অমরেন্দ্র মহাপাত্র। এদিনের সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও অনুসন্ধান সোসাইটির সভাপতি দিব্য গোপাল ঘটক।

এদিন আলোচনা সভায় বক্তারা বিদ্যাসাগর মহাশয়ের সমাজ সংস্কার, নারী শিক্ষার প্রসার এবং বাংলা গদ্যের আধুনিকায়নে তাঁর যুগান্তকারী ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তাঁরা উল্লেখ করেন যে, বিদ্যাসাগরের মানবিক মূল্যবোধ এবং আধুনিক বিজ্ঞানমনস্ক চিন্তাধারা বর্তমান সমাজেও অত্যন্ত প্রাসঙ্গিক এবং তরুণ প্রজন্মের জন্য তা এক বড় অনুপ্রেরণা। অনুষ্ঠানের সমাপ্তি বক্তৃতা করেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. অমরেন্দ্র মহাপাত্র।

এই জন্মজয়ন্তী উপলক্ষে ছাত্র-ছাত্রীদের জন্য দুটি বিভাগে একটি অনলাইন প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। পঞ্চম থেকে অষ্টম শ্রেণির জন্য বিষয় ছিল ‘আমাদের বিদ্যাসাগর’ এবং নবম থেকে দশম শ্রেণির বিষয় ছিল ‘বর্ণপরিচয় থেকে শিক্ষার প্রসার: সকলের উন্নতি চিন্তায় বিদ্যাসাগর’। অনলাইনে জমা পড়া লেখাগুলোর মধ্য থেকে আজকের এই বিশেষ মঞ্চে প্রবন্ধ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেন নাফিসা ইসমাত। প্রবন্ধ প্রতিযোগিতায় পঞ্চম থেকে অষ্টম শ্রেণিতে–

১ম – রুমিশা খাতুন, অষ্টম শ্রেণি, সিদ্দিকে-এ-আকবর মিশন, বাঁকুড়া।

২য় – সোহাগ দে, অষ্টম শ্রেণী, হিন্দু স্কুল।

৩য় – মোঃ ইকবাল উদ্দিন, অষ্টম শ্রেণি, বেস আন নূর মডেল স্কুল।

নবম থেকে দশম শ্রেণিতে–

১ম – সোহিনী সরকার, নবম শ্রেণি, রহড়া ভবনাথ ইন্সটিটিউশন ফর গার্লস।

২য় – আরিয়ান হক, দশম শ্রেণি, বেস আন নূর মডেল স্কুল, বহরমপুর।

৩য় – অর্ণব মল্লিক, দশম শ্রেণি, বারাসাত মহাত্মা গান্ধী মেমোরিয়াল স্কুল।

এদিন সমাপ্তি সংগীত পরিবেশন করে বেস আন-নূর মডেল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রীরা। সকলকে শ্রেণি মতো ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করেন অনুসন্ধান সোসাইটির সম্পাদক গৌরাঙ্গ সরখেল।

ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এই অনুষ্ঠানে বহু শিক্ষানুরাগী, ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষ যুক্ত হয়ে বিদ্যাসাগর মহাশয়ের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ