কলকাতা 

ফের আক্রান্ত আক্রান্ত কুনাল ঘোষ, এবার বেলেঘাটায়!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : শনিবার দুপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রীরামপুরের সভাতে যোগ দিতে যাওয়ার সময় উত্তরপাড়ায় আক্রান্ত হয়েছিলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুনাল ঘোষ। আজ রবিবার সকালে ফের তিনি আক্রান্ত হলেন। বিধায়কের অভিযোগ, তাঁর বাড়ির সামনে থেকে রিভলভার হাতে অনুসরণ করেন কয়েক জন। হাতুড়ি দিয়ে গাড়ির কাচ ভাঙার চেষ্টা করা হয়। বাধ্য হয়ে তাঁর নিরাপত্তারক্ষীরাও বন্দুক বার করতে বাধ্য হয়েছেন। নারকেলডাঙা থানায় অভিযোগ জানাতে গিয়েছেন বিধায়ক। তাঁর দাবি, তাঁকে প্রাণে মারতেই এ সব করা হয়েছে। বিজেপি এবং পুলিশের দিকে আঙুল তুলেছেন তিনি।

রবিবার সকালে বাড়ি থেকে বেরিয়ে নিজের বিধানসভা কেন্দ্র বেলেঘাটায় একটি কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন কুণাল। ৩৬ নম্বর ওয়ার্ডে তাঁর যাওয়ার কথা ছিল। তিনি জানান, বাড়ি থেকে বার হওয়ার পরেই রিভলভার হাতে তাঁকে অনুসরণ করতে থাকেন কয়েক জন। তাঁর গাড়ির সামনের এবং পিছনের কাচ লক্ষ্য করে পাথর ছোড়া হয়। এমনকি, হাতুড়ি দিয়ে কাচ ভাঙা হয়। নারকেলডাঙা পর্যন্ত তাঁর গাড়ি ধাওয়া করা হয় বলে অভিযোগ।

কুণাল জানিয়েছেন, নারকেলডাঙায় বাইক বাহিনী তাঁর গাড়ি ওভারটেক করে। তার পরে পথ আটকে দাঁড়িয়ে পড়ে। তাঁর কথায়, ‘‘হিন্দি, দক্ষিণী সিনেমায় এ সব দেখা যায়।’’ বিধায়ক জানান, অগত্যা তাঁর রক্ষীরা রিভলভার বার করতে বাধ্য হন। অভিযুক্তেরা তাঁর কলার চেপে ধরেন বলেও জানিয়েছেন বিধায়ক।

শনিবার দুপুরে হুগলির শ্রীরামপুরে মমতার সভায় যোগ দিতে যাচ্ছিলেন বিধায়ক কুণাল। অভিযোগ, পথে উত্তরপাড়ায় তাঁর গাড়ি আটকে ভাঙচুর করা হয়েছে। পাথর, রড দিয়ে হামলার পাশাপাশি, ডিমও ছোড়া হয়েছে। কুণাল জানান, মমতার সভায় যাতে তিনি যেতে না পারেন, তাই এ সব করা হয়েছে। তার পরেই গাড়ি ঘুরিয়ে সটান ভবানী ভবনে চলে যান কুণাল। যদিও তাঁকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ