পুলিশ ট্রেনিং স্কুলের বাথরুম থেকে উদ্ধার কলকাতা পুলিশের কমান্ডোর ঝুলন্ত দেহ
আলিপুরের পুলিশ ট্রেনিং স্কুলের (PTS) চারতলার বাথরুম থেকে উদ্ধার হল কলকাতা পুলিশের (Kolkata Police) এক কমান্ডোর ঝুলন্ত দেহ। মৃত পুলিশ আধিকারিকের নাম দীপক তামাং (৪৯)। শনিবার পিটিএস-এর ব্যারাক থেকে তাঁকে রক্তাক্ত ও সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে লালবাজারের (Laalbazar) অনুমান, মানসিক অবসাদজনিত কারণে আত্মঘাতী হয়েছেন ওই আধিকারিক। তবে ঠিক কী কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ ও পিটিএস সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল পৌনে ১০টা নাগাদ কমান্ডো ব্যারাকের চারতলার শৌচালয়টি দীর্ঘক্ষণ ভিতর থেকে বন্ধ থাকতে দেখেন সহকর্মীরা। ডাকাডাকি করে সাড়া না মেলায় সন্দেহ দানা বাঁধে। শেষ পর্যন্ত দরজা ভেঙে ভেতরে ঢুকতেই চোখে পড়ে হাড়হিম দৃশ্য— শৌচালয়ের ওভারহেড পাইপলাইনের সঙ্গে গামছার ফাঁস লাগিয়ে ঝুলছেন দীপক। সহকর্মীরা তড়িঘড়ি দেহ নামিয়ে এসএসকেএম হাসপাতালের জরুরি বিভাগে (SSKM Emergency) নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি।
মৃত কমান্ডোর মূল বাড়ি কালিম্পংয়ের সাত মাইল এলাকায়। দীর্ঘ দিন ধরে তিনি কলকাতা পুলিশের কমান্ডো বাহিনীতে ডিআই পদে কর্মরত ছিলেন এবং সহকর্মীদের কাছে অত্যন্ত দক্ষ ও সুনামধন্য অফিসার হিসেবে পরিচিত ছিলেন। ফলে আচমকা তাঁর এই চরম পদক্ষেপের নেপথ্য কারণ বুঝে উঠতে পারছেন না তাঁর সতীর্থরাও।
প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে তদন্তকারীরা জানিয়েছেন, গলায় ফাঁসের দাগ এবং আনুষঙ্গিক লক্ষণ দেখে ঘটনাটি আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং কালিম্পংয়ে নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ বা এফআইআর দায়ের না হলেও পুলিশ স্বতঃপ্রণোদিত ভাবেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

