প্রভিডেন্ট ফান্ডে আয়ের সর্বোচ্চ সীমায় ১০,০০০ টাকা বৃদ্ধি!
বিশ্বকর্মা পুজোর মুখে বেসরকারি সংস্থার কর্মী ও শ্রমিকদের জন্য সুখবর। এ বার প্রভিডেন্ট ফান্ডে বাড়তে চলেছে আয়ের সর্বোচ্চ সীমা। এতদিন সেটা ছিল ১৫,০০০ টাকা। আগামী দিনে ওই অঙ্ক ২৫,০০০ করার ব্যাপারে চূড়ান্ত অনুমোদন দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। উল্লেখ্য, প্রায় ১২ বছর পর আয়ের সর্বোচ্চ সীমা বদলের সিদ্ধান্ত নিল কেন্দ্র।
বেসরকারি সংস্থার কর্মী ও শ্রমিকদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য সারা দেশে চালু রয়েছে এমপ্লোয়িজ় প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফ। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের নিয়ন্ত্রণাধীনে থাকা এমপ্লোয়িজ় প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজ়েশন বা ইপিএফও হল এর নিয়ন্ত্রণকারী সংস্থা। বুধবার, ১৬ সেপ্টেম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ইপিএফের ক্ষেত্রে আয়ের সর্বোচ্চ সীমা ১৫,০০০ থেকে ২৫,০০০ টাকা করার সিদ্ধান্তে সিলমোহর দেয় মোদী প্রশাসন।
মন্ত্রিসভার বৈঠক শেষে সংশ্লিষ্ট ইস্যুতে গণমাধ্যমের মুখোমুখি হন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেন, ‘‘আয়ের সর্বোচ্চ সীমা বৃদ্ধির জেরে আরও ৫১ লক্ষ কর্মী ও শ্রমিককে বাধ্যতামূলক ভাবে প্রভিডেন্ট ফান্ডের আওতায় আনা সম্ভব হবে। এতে তাঁদের সামাজিক সুরক্ষার পরিধি বিস্তৃত করতে পারবে সরকার।’’
কেন্দ্রীয় বিজ্ঞপ্তি অনুযায়ী, গত কয়েক বছরে মজুরি ও বেতন বৃদ্ধির জেরে অনেকটাই বৃদ্ধি পেয়েছে বেসরকারি কর্মীদের আয়। আর তাই সর্বোচ্চ সীমা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে ইপিএফ খাতে সরকারের খরচ হচ্ছে প্রায় ১০,২৫০ কোটি টাকা। আয়ের সর্বোচ্চ সীমা বৃদ্ধির জেরে সেটাই বেড়ে দাঁড়াবে ১১,৩৩৯ কোটি।

