কলকাতা 

বুধবার সাত সকালেই কলকাতার বিভিন্ন ঠিকানায় ইডি হানা

শেয়ার করুন

বুধবার সকাল থেকেই কলকাতায় তল্লাশি অভিযান শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)! এদিন শহরের বিভিন্ন ঠিকানায় হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

জানা গিয়েছে, কলকাতার অন্তত ছ’টি জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। সূত্রের খবর, একটি চিটফান্ড প্রতারণা মামলার সূত্র ধরে ইডির এই অভিযান। বুধবার সাতসকালে কলকাতার নারকেলডাঙা এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে যায় ইডির একটি দল। অভিযোগ, ওই ব্যবসায়ী চিটফান্ডের মাধ্যমে টাকা তুলে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করা হয়। শুধু নারকেলডাঙা নয়, নেতাজিনগর, রবীন্দ্র সরোবর-সহ আরও পাঁচটি ভিন্ন ঠিকানায় হানা দিয়েছে ইডি।

ইডি সূত্রে খবর, এপিএম নামক এক চিটফান্ডের মাধ্যমে টাকা তুলে, সেই টাকা অন্য এক সংস্থার মাধ্যমে অন্যখাতে ব্যবহার করা হত। ওই চিটফান্ডে যাঁরা টাকা রেখেছেন, তাঁদের টাকা আত্মসাতের অভিযোগে তল্লাশি অভিযান। ওই চিটফান্ডের ‘লিঙ্কম্যান’-দের বাড়িতেই হানা বলে ইডি সূত্রে খবর।

প্রসঙ্গত, জমি দখল করে বেআইনি নির্মাণের মামলায় এক নির্মাণ ব্যবসায়ী অমিত গঙ্গোপাধ্যায়কে মঙ্গলবার গ্রেফতার করে ইডি। দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় জমি দখল করে আবাসন তৈরির অভিযোগ রয়েছে তাঁর সংস্থার বিরুদ্ধে। সেই সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার অমিতকে তলব করা হয়েছিল সিজিও কমপ্লেক্সে। জানা গিয়েছে, তদন্তে সহযোগিতা না করার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। ২০২৩ সালে জমি দখল, প্রতারণা, ভুয়ো নথির অভিযোগে অমিতের নামে দক্ষিণ ২৪ পরগনা-সহ রাজ্যের বেশ কয়েকটি থানায় ২০টি এফআইআর দায়ের করে পুলিশ। সেই এফআইআরের ভিত্তিতে আলাদা মামলা করে তদন্ত শুরু করে ইডি। অমিত প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবাশিস কুমার ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ