জেলা 

হাতে-কলমে বিজ্ঞানচর্চা ও মনস্তাত্ত্বিক কাউন্সেলিং, বেস আন-নূর মডেল স্কুলে দুদিনের সফল কর্মশালা

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি :  ছাত্রছাত্রীদের বিজ্ঞানমনস্ক করে তুলতে এবং তাঁদের মানসিক বিকাশের লক্ষ্যে দুদিনের একটি অভিনব বিজ্ঞান কর্মশালা ও মনস্তাত্ত্বিক কাউন্সেলিং শিবিরের আয়োজন করেছিল দক্ষিণ দিনাজপুরের অন্যতম নামী শিক্ষাপ্রতিষ্ঠান বেস আন-নূর মডেল স্কুলের বয়েজ এবং গার্লস ব্রাঞ্চ।

বিদ্যালয়ের পঞ্চম থেকে দশম শ্রেণির ছাত্ররা এই প্রদর্শনীতে অংশ নেয়। তারা বিভিন্ন ধরনের আকর্ষণীয় বৈজ্ঞানিক মডেল ও এক্সপেরিমেন্ট প্রদর্শন করে। অন্যান্য ছাত্র-ছাত্রীরা গভীর উৎসাহের সঙ্গে এই এক্সপেরিমেন্টগুলি লক্ষ্য করে। প্রদর্শনী চলাকালীন শিক্ষকদের নানা জটিল প্রশ্নের মুখে পড়েও প্রদর্শনকারী ছাত্ররা অত্যন্ত সুন্দর ও সাবলীলভাবে তাদের মডেলের বিষয়বস্তু বুঝিয়ে বলে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট পদার্থবিদ্যার শিক্ষক প্রিয়ম দে। প্রান্তিক অঞ্চলের পড়ুয়াদের এমন অনবদ্য পারফরম্যান্স দেখে তিনি অত্যন্ত আনন্দ প্রকাশ করেন। তিনি জানান, হাতে-কলমে বিজ্ঞানের মাধ্যমে শুধু পড়াশোনার মজাই পাওয়া যায় না, বরং এটি শিক্ষার্থীদের বিজ্ঞানের ভিত মজবুত করে এবং তাদের বিজ্ঞানমনস্ক করে তোলে।

বেস এডুকেশনাল হাবের প্রধান কর্মকর্তা খাদেমুল ইসলাম জানান, বিজ্ঞানের পাশাপাশি ছাত্রছাত্রী ও অভিভাবকদের জন্য ‘মনের কথা’ শীর্ষক একটি সাইকোলজিক্যাল কাউন্সেলিং অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। দুদিনের এই শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মনোবিদ তথা ক্রাইসিস ইন্টারভেনশনের ডাইরেক্টর সঞ্জিত সেনগুপ্ত। তিনি পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি, সোশ্যাল মিডিয়ার কুপ্রভাব থেকে দূরে থাকার উপায়, আচার-ব্যবহার এবং জীবনে নীতি-নৈতিকতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তিনি আক্ষেপ করে বলেন, “ভারতীয় ঐতিহ্যের এই গুণাগুণগুলি আজ কিছুটা হারিয়ে যাওয়ায় আমরা দিশাহারা হয়ে পড়ছি। এ বিষয়ে অভিভাবক ও শিক্ষক সমাজকে যৌথ দায়িত্ব নিতে হবে, তবেই আগামী প্রজন্ম দেশের সম্পদ হয়ে উঠবে।”

অনুষ্ঠানে অনুসন্ধান সোসাইটির সম্পাদক তথা বিশিষ্ট শিক্ষক গৌরাঙ্গ সরখেল আসন্ন মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে আয়োজিত একটি বিশেষ শিবিরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এই মঞ্চ থেকেই আনুষ্ঠানিকভাবে ‘মাধ্যমিক ২০২৭ টেস্ট পেপার্স’ প্রকাশিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আনসার, ফাইজুর রহমান এবং সোহেল ইকবালের নিখুঁত পরিকল্পনা ও পরিচালনায় দুদিনের এই সামগ্রিক আয়োজন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মনে গভীরভাবে দাগ কেটে গিয়েছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ