মামার বাড়ি বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার নাবালিকা, চাঞ্চল্য হাবড়ায়
উত্তর ২৪ পরগনার হাবড়ার এক নাবালিকা মামার বাড়ির বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।পুলিশ সূত্রে খবর, হাবড়া পুরসভা এলাকায় ‘নির্যাতিতা’র মামার বাড়ি। সম্প্রতি সেখানে বেড়াতে গিয়েছিল সে। শনিবার সন্ধ্যায় তাকে দূর সম্পর্কের এক বোন ঘুরতে নিয়ে যাবে বলে ডেকে নিয়ে গিয়েছিল। হাঁটতে গিয়ে দুই নাবালিকার সঙ্গে পূর্বপরিচিত দুই যুবকের সাক্ষাৎ হয়। দুই নাবালিকাকে একটি জায়গায় নিয়ে গিয়ে বিয়ার খাওয়ানো হয় বলে অভিযোগ।
পুলিশের কাছে ১২ বছরের মেয়েটি দাবি করেছে, নেশায় আচ্ছন্ন হওয়ার আগেই দুই যুবক তাকে বাড়ি চলে যেতে বলেন। মেয়েটির দাবি, সে তা-ই করে। তবে ১৪ বছরের বালিকাটিকে ওই দুই যুবক নিয়ে যান স্থানীয় একটি শিবমন্দিরের পাশে নির্জন জায়গায়।
অন্য দিকে, রাত পর্যন্ত নাবালিকার খোঁজ না পেয়ে মামার বাড়ির লোকজন হাবড়া থানার দ্বারস্থ হন। নিখোঁজ ডায়েরি হয় নাবালিকার নামে।
মেয়েটিকে খুঁজতে গিয়ে তার সঙ্গে ঘুরতে যাওয়া কিশোরীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নাবালিকাকে উদ্ধার করা হয়। তবে মেয়েটি তখন অসুস্থ এবং অচেতন। তড়িঘড়ি তাকে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। এখনও সেখানেই চিকিৎসা চলছে তার।
স্থানীয় সূত্রে খবর, দুই অভিযুক্তের বয়স ২৩-২৪ বছর। দু’জনেই বিবাহিত। কিন্তু পারিবারিক অশান্তিতে দু’জনের স্ত্রী-ই শ্বশুরবাড়ি ছেড়েছেন। পুলিশ সূত্রেও খবর, ধৃতদের মধ্যে একজনের বিরুদ্ধে অতীতে মহিলাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ছিল। দুই অভিযুক্তকে হেফাজতে নিয়ে জেরা করতে চাইছে পুলিশ। তাঁদের আদালতে হাজির করানো হচ্ছে।

