কলকাতা 

গ্রেফতারের ৩৫ দিনের মধ্যেই প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে তোলাবাজি সংক্রান্ত মামলায় আদালতে চার্জশিট দিল পুলিশ

শেয়ার করুন

গ্রেফতারের ৩৫ দিনের মাথায় বিধাননগর পুরসভার প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে বৃহস্পতিবার বারাসত আদালতে জমা পড়ল চার্জশিট। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির স্বামীর বিরুদ্ধে সিন্ডিকেট চক্র পরিচালনা এবং তোলাবাজি সংক্রান্ত অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-র ১১১ ধারা-সহ একাধিক ধারায় এই চার্জশিট জমা দিয়েছে রাজ্য পুলিশ।

বৃহস্পতিবার বারাসত আদালতে চার্জশিট দাখিলের পর সরকারপক্ষের আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় জানান, তদন্তে সিন্ডিকেট পরিচালনা এবং তোলাবাজির অভিযোগের পক্ষে পর্যাপ্ত তথ্যপ্রমাণ মিলেছে। সেই প্রমাণের ভিত্তিতেই আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, তদন্তের গুরুত্বপূর্ণ পর্যায় সম্পন্ন হয়েছে। এ বার দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করে মামলার নিষ্পত্তির দিকেই এগোতে চায় সরকারপক্ষ। সেই কারণেই আদালতের কাছে দ্রুত বিচার শুরুর আবেদন জানানো হচ্ছে।

দেবরাজের বিরুদ্ধে তোলাবাজি, মানুষকে ভয় দেখানো-সহ একাধিক অভিযোগ ছিল। প্রায় ১৫০ পাতার চার্জশিটে ১১ জন সাক্ষীর বয়ান উল্লেখ করা হয়েছে বলে খবর। পরবর্তী কালে প্রয়োজনে অতিরিক্ত (সাপ্লিমেন্টারি) চার্জশিট দিতে পারে পুলিশ। বৃহস্পতিবার দেবরাজের আইনজীবীরা তাঁর জামিনের জন্য আবেদন করেছিলেন। আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছে।

সম্পত্তির হিসাব নয়ছয়ের অভিযোগে দেবরাজ এবং অদিতির বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল পুলিশ। অভিযোগ, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে অন্তত ১০০ কোটি টাকার সম্পত্তি বেনামে এবং আত্মীয়-পরিচিতদের নামে হস্তান্তরিত করেছেন রাজারহাট-গোপালপুরের তৎকালীন বিধায়ক অদিতি এবং তাঁর স্বামী। দেবরাজ নিজে বিধাননগর পুরসভার কাউন্সিলর ছিলেন। এলাকায় প্রভাবশালী বলেই পরিচিত। দম্পতির বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তি, তা গোপন করা এবং অর্থপাচারের মতো গুরুতর অভিযোগ রয়েছে। এমনকি, নির্বাচনী হলফনামায় সম্পত্তি কম করে দেখানোর অভিযোগও উঠেছে অদিতির বিরুদ্ধে।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ