সিঙ্গুরে মার্চেন্টস অ্যাসোসিয়েশনের AGM: ৯০৫ সদস্যকে লটারিতে প্লট বরাদ্দের সিদ্ধান্ত, উন্নয়নের নতুন রূপরেখা
বিশেষ প্রতিনিধি : সিঙ্গুর, The Greater Kolkata Fruit Potato Onion Vegetables and Lemon Merchants Association-এর বার্ষিক সাধারণ সভা (AGM) রবিবার সিঙ্গুরের বাধা কোল্ড স্টোরেজ প্রাঙ্গণে সভাপতি বিশ্বনাথ দে-র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সমিতির ৩৪০ বিঘা জমির উন্নয়ন ও আধুনিকীকরণ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বিস্তারিতভাবে আলোচনা করা হয়। কার্যক্রম পরিচালনা করেন কাজল চট্টোপাধ্যায় ও হরি নারায়ণ ভট্টার।
সভায় সর্বসম্মতিক্রমে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সমিতির বর্তমান কার্যালয় স্থানান্তরের প্রক্রিয়া শুরু করার পাশাপাশি লটারি পদ্ধতিতে ৯০৫ জন সদস্যের মধ্যে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে প্লট বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে এবং সংগঠনের অন্তর্গত সমস্ত মুলতুবি বিষয় ও মতভেদ সভাপতির নেতৃত্বে ন্যায়সঙ্গতভাবে নিষ্পত্তি করার অঙ্গীকার করা হয়েছে।
সভায় বক্তারা জানান, সমিতির ২০ বছরের গৌরবময় পথচলার পর এবার উন্নয়ন ও অগ্রগতির নতুন অধ্যায় শুরু হতে চলেছে। ঐক্য, স্বচ্ছতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই প্রকল্পকে একটি আধুনিক, সুশৃঙ্খল ও সমৃদ্ধ কৃষিভিত্তিক বাজারে পরিণত করার লক্ষ্য নেওয়া হয়েছে। সমিতির পক্ষ থেকে সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানানো হয়।

