দেশ 

ইন্ডিয়া জোটের বৈঠকে ভোট চুরি থেকে শুরু করে নিট কেলেঙ্কারিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে অনুষ্ঠিত  ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেয় জোটভুক্ত ২৫টি রাজনৈতিক দল। বৈঠক শেষে আয়োজিত যৌথ সাংবাদিক সম্মেলনে দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে আলোচনা করে পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়।

জোটের নেতারা জানান, ভোটার তালিকায় কারচুপি, ভোট লুট এবং নির্বাচনী প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে যে গুরুতর প্রশ্ন উঠেছে, সেই বিষয়ে ভারতের প্রধান বিচারপতি (CJI)-র কাছে খুব শীঘ্রই একটি বিস্তারিত চিঠি পাঠানো হবে।

এছাড়াও, NEET ও CBSE পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর অবিলম্বে পদত্যাগ দাবি করেছে ইন্ডিয়া জোট। নেতাদের অভিযোগ, পরীক্ষার অনিয়মের ফলে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ ও শিক্ষাব্যবস্থার প্রতি মানুষের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সাংবাদিক সম্মেলনে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। ক্রমবর্ধমান বেকারত্ব, মূল্যবৃদ্ধি, কৃষকদের সমস্যা এবং সাধারণ মানুষের দুর্দশা নিয়ে আলোচনা করতে কেন্দ্র সরকারের কাছে অবিলম্বে একটি সর্বদলীয় বৈঠক ডাকার দাবি জানানো হয়েছে।

জোটের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে এখন থেকে প্রতি দুই মাস অন্তর ইন্ডিয়া জোটের বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই অনুযায়ী পরবর্তী বৈঠক আগামী আগস্ট মাসে হায়দ্রাবাদে অনুষ্ঠিত হবে।

একই সঙ্গে আসন্ন সংসদের বাদল অধিবেশন চলাকালীন প্রতিদিন সকালে বিরোধী দলনেতার কার্যালয়ে জোটভুক্ত দলগুলোর সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। এর উদ্দেশ্য সংসদে বিরোধী দলগুলোর মধ্যে সমন্বয় বজায় রাখা এবং বিভিন্ন জনস্বার্থমূলক ইস্যুতে একযোগে সরকারের বিরুদ্ধে অবস্থান তুলে ধরা।

প্রেস কনফারেন্সে জানানো হয়, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী Uddhav Thackeray এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী Hemant Soren সরাসরি উপস্থিত থাকতে না পারলেও অনলাইনের মাধ্যমে বৈঠকে যুক্ত ছিলেন এবং গৃহীত সিদ্ধান্তগুলোর প্রতি পূর্ণ সমর্থন জানান।

ইন্ডিয়া জোটের নেতাদের দাবি, দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান, শিক্ষা ব্যবস্থা এবং অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে জনগণের উদ্বেগের বিষয়গুলো সামনে আনতেই এই সিদ্ধান্তগুলি গ্রহণ করা হয়েছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ