জেলা 

বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউটে সাড়ম্বরে পালিত হল বিশ্ব পরিবেশ দিবস

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : উত্তর ২৪ পরগনা জেলার বেড়াচাঁপা-তে অবস্থিত বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউট-এ বুধবার সারাদিনব্যাপী নানা বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হল বিশ্ব পরিবেশ দিবস। “প্লাস্টিক দূষণ নির্মূল” এই বছরের থিমকে সামনে রেখে শিশু শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করে তুলতেই ছিল আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দিনটির সূচনা হয়। এরপর শিক্ষার্থীরা কোলাজ, ছবি আঁকা, বীজ বল তৈরি, মডেল তৈরি, স্লোগান রচনা ইত্যাদি প্রতিযোগিতায় অংশ নেয়। “সবুজ টিফিন দিবস” হিসেবে দিনটি পালন করে খুদে পড়ুয়ারা। তাদের টিফিন বাক্সে এদিন ফল ও সবজি ছাড়া অন্য কিছু ছিল না। প্লাস্টিক বর্জনের শপথ নিয়ে মুকাভিনয়, ছড়া, গান ও নৃত্যের মাধ্যমে বার্তা দেয় শিশুরা।

শিক্ষার্থী ও অভিভাবক-অভিভাবিকা এবং শিক্ষক-শিক্ষিকাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। প্রতিযোগিতায় উল্লেখযোগ্য স্থান অধিকার করে পুরস্কৃত হয় সীমরান সুলতানা, নওশীন জামান, ফারিয়া পারভিন, আসিফা খাতুন, হুমায়রা খানম, ইহান সাহাজি, নুর হোসেন, সোহাগ হোসেন মোল্লা, সুহানা সুলতানা, ফারিয়া আফরিন, আফরিন নাহার খাতুন, আফরিনা পারভীন, তানিশা খাতুন, নুর আলম মন্ডল, জেসমিনা খাতুন, সুরাইয়া সুলতানা, আসরার মন্ডল, আফলাক মন্ডল, সাকিব আহমেদ, শাকিল মন্ডল ও আরিয়ান মন্ডল।

শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে জাবিদ হোসেন,আলম জী, নার্গিস সুলতানা, বিপাশা রহমান ও নার্গিস নাহার পরিবেশ সংরক্ষণ, জলবায়ুর পরিবর্তন এবং মাটি, জল ও বাতাসের গুরুত্ব নিয়ে শিশুপযোগী আলোচনা করেন।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাফিসা সুলতানা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রূপা খাতুন ও জুহি পারভীন। মনোজ্ঞ এই আয়োজনের ভূয়সী প্রশংসা করে অংশগ্রহণকারী সকলকে শুভেচ্ছা জানান উপদেষ্টা মন্ডলীর অন্যতমা উপদেষ্টা আঞ্জুমান বানু।

প্রধান শিক্ষিকা নাফিসা সুলতানা বলেন, “শিশুকাল থেকেই যদি পরিবেশ রক্ষার বীজ বপন করা যায়, তবে ভবিষ্যৎ প্রজন্মই হয়ে উঠবে সবুজ পৃথিবীর রক্ষক। আজকের এই আয়োজন তারই এক ছোট্ট প্রয়াস।”


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ