জোড়া নিম্নচাপের প্রভাবে পুজোয় ভাসবে বাংলা!
বাংলার জনরব ডেস্ক : ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের উপকূলের উপরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেই নিম্নচাপটি শনিবার স্থলভাগে প্রবেশ করতে চলেছে। এখানেই শেষ নয় আরেকটি নিম্নচাপ আন্দামান সাগরে ঘনীভূত হয়েছে এবং সেটা সম্ভবত ৩০ শে সেপ্টেম্বর থেকে পহেলা অক্টোবরের মধ্যে নিম্নচাপ তৈরি করবে যার জেরে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ খবর জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণবঙ্গে আগামী পাঁচ থেকে সাতদিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ, শনিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতাতেও মাঝারি বৃষ্টির পূর্বাভাস।

শনিবার সকালে কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। বেলা বাড়লে মেঘলা আকাশ।স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা। মূলত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা। রবিবারেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। নতুন নিম্নচাপ বাংলার দিকে এলে নবমীর দিন থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। তার প্রভাবে কলকাতাতে ভারী বৃষ্টির সতর্কতা। এছাড়াও নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির কথা শুনিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস। আজ, শনিবার জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্বত্য এলাকার জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত। সোমবারে মালদহ ও দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। নবমীর রাত থেকে দশমীতেও বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গেও।

