আন্তর্জাতিক 

ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’-কে নিষিদ্ধ করার সুপারিশ মার্কিন ফেডারেল কমিশনের! নিশানায় মোদিও

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : নরেন্দ্র মোদির বন্ধু ডোনাল্ড ট্রাম্পের আমলেও ভারতের প্রতি তাচ্ছিল্য মনোভাব চালিয়ে যাচ্ছে মার্কিন প্রশাসন। সম্প্রতি ভারতীয় গুপ্তচর সংস্থা ‘রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং’ (র)-কে নিষিদ্ধ করার সুপারিশ করল আমেরিকার ফেডারেল সরকার গঠিত কমিশন। মঙ্গলবার আমেরিকার আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত কমিশন (ইউএসসিআইআরএফ) তাদের বার্ষিক রিপোর্ট প্রকাশ করেছে। সংবাদ সংস্থা ‘রয়টার্স’ জানিয়েছে, ওই রিপোর্টে ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’-কে নিষিদ্ধ করার সুপারিশ করেছে তারা। ওই মার্কিন কমিশনের দাবি, শিখ বিচ্ছিন্নতাবাদীদের হত্যার চেষ্টায় ‘র’-এর যোগ রয়েছে। সেই কারণেই এই সুপারিশ করেছে তারা। একইসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্কেও বিরূপ মন্তব্য করা হয়েছে। তাদের দাবি, গত বছরের নির্বাচনী প্রচারের সময়ে সংখ্যালঘুদের বিষয়ে ‘বিভ্রান্তিকর তথ্য প্রচার’ করেছেন মোদী এবং বিজেপি। বস্তুত, এর আগে মার্কিন স্বরাষ্ট্র দফতরের মানবাধিকার এবং ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত কিছু রিপোর্টেও সংখ্যালঘুদের পরিস্থিতির কথা বলা হয়েছিল। যদিও নয়াদিল্লি সেগুলিকে ‘ভীষণ ভাবে একপেশে’ বলে উড়িয়ে দিয়েছিল।

মার্কিন প্রশাসনের অধীনস্থ এই কমিশনটির মূল কাজ হল বিভিন্ন দেশের ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত বিষয়ের উপর নজর রাখা। সেইমতো ধর্মীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে আমেরিকার সরকারকে প্রয়োজনীয় সুপারিশ করে এই কমিশন। অর্থাৎ এটি হল মার্কিন প্রশাসনকে পরামর্শ দেওয়ার একটি প্রতিষ্ঠান। তবে কমিশনের সুপারিশ যে আমেরিকার প্রশাসনকে মানতেই হবে, এমন কোনও বাধ্যবাধকতা নেই।

বস্তুত, খলিস্তানপন্থী নেতা গুরপতবন্ত সিংহ পন্নুনকে ২০২৩ সালে হত্যার ষড়যন্ত্রে ‘র’-এর এক প্রাক্তন কর্তার যোগ পাওয়া গিয়েছে বলে দাবি করে আমেরিকা। পন্নুন আমেরিকার নাগরিক। মার্কিন তদন্তকারী সংস্থা এফবিআই দাবি করেছিল, ভারতে ‘নিষিদ্ধ’ ঘোষিত সংগঠন ‘শিখ ফর জাস্টিস’ (এসএফজে)-এর নেতা পন্নুনকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন ‘র’-এর প্রাক্তন কর্তা বিকাশ যাদব। যদিও নয়াদিল্লি তখনই জানিয়ে দিয়েছিল, ওই ঘটনার সঙ্গে ভারত সরকারের কোনও যোগ নেই। রয়টার্স অনুসারে, বিকাশ এবং ‘র’, উভয়ের উপরেই নিষেধাজ্ঞা আরোপ করার জন্য সুপারিশ করেছে মার্কিন কমিশন।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ