কলকাতা 

উত্তরপ্রদেশের ঝাঁসির মহারানী লক্ষীবাঈ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ১০ শিশুর মৃত্যু, আহত ১৬

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : উত্তরপ্রদেশের ঝাঁসির মহারানী লক্ষ্মীবাঈ মেডিকেল কলেজ ও হাসপাতালে শুক্রবার রাতে অগ্নিকাণ্ড হয়। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ সদ্যোজাতের মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে। যদিও এই অগ্নিকাণ্ডের ঘটনায় ঝাঁসির ডিভিশনাল কমিশনার এবং ডিআইজিকে 12 ঘণ্টার মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দিতে বলেছে যোগীর দফতর।

ঝাঁসির সরকারি হাসপাতালে শুক্রবারের ওই অগ্নিকাণ্ডে ১০ সদ্যোজাতের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় ১৬ জন শিশুকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের মধ্যে সকলের দেহও শনাক্ত করা যাচ্ছে না। শনিবার সকালে হাসপাতালে পৌঁছে যান উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত সাত সদ্যোজাতের দেহ চিহ্নিত করা হয়েছে। বাকি তিন শিশুর দেহ শনাক্ত করতে প্রয়োজনে ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন উপমুখ্যমন্ত্রী।

Advertisement

শুক্রবার রাতে আগুন লেগেছিল ঝাঁসির ওই হাসপাতালের সদ্যোজাত (নিকু) বিভাগে। ওই ওয়ার্ডে ১৮টি শয্যা রয়েছে। কিন্তু দুর্ঘটনার সময়ে নিকু ওয়ার্ডে আরও বেশি সংখ্যক সদ্যোজাতকে রাখা হয়েছিল। কানপুরের এডিজি অলোক সিংহ জানিয়েছেন, দুর্ঘটনার সময় ওই ওয়ার্ডে ৪৭ সদ্যোজাত ছিল। এখনও পর্যন্ত ১০ সদ্যোজাতের মৃত্যু হয়েছে। ১৬ শিশু বর্তমানে ভর্তি রয়েছে বিভিন্ন হাসপাতালে। কয়েক জনকে ভর্তি করানো হয়েছে বেসরকারি হাসপাতালেও। বেসরকারি হাসপাতালে ভর্তি সদ্যোজাতদের চিকিৎসার খরচ সরকার বহন করবে বলে জানিয়েছেন উপমুখ্যমন্ত্রী। দুর্ঘটনায় মৃত শিশুদের পরিবার পিছু ১০ লাখ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আহতদের পরিবারের জন্য ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মৃতদের পরিবার পিছু ২ লাখ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেছেন।

কী কারণে দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক ভাবে অনুমান করা‌ হচ্ছে শর্ট সার্কিটের কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। সদ্যোজাতদের রাখার জন্য নিকু ওয়ার্ডে বিশেষ ব্যবস্থা থাকে। এই ওয়ার্ডগুলিতে সাধারণত বেশি মাত্রায় অক্সিজেন রাখা হয়। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল বলে অনুমান। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে ১০ সদ্যোজাতের মৃত্যুতে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। হৃদয়-বিদারক এই ঘটনায় শোকস্তব্ধ পরিবারগুলির পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ