কলকাতা 

কলকাতা হাইকোর্টে আরজিকর কান্ডের প্রতিবাদে আইনজীবীদের মিছিলেও কল্যাণ ব্যানার্জীর সঙ্গে সায়নের বচসা

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : ফের দেউলিয়া রাজনীতির প্রমাণ রাখল তৃণমূলের সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আরজিকর কাণ্ডে সুবিচার চেয়ে পথে নেমেছিলেন কলকাতা হাইকোর্টের আইনজীবীরা। দলমত নির্বিশেষে সকল আইনজীবী এই মিছিলে যোগ দিয়েছিলেন।

মিছিলে ছিলেন রাজ্যের শাসকদল তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সিপিএম নেতা তথা প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্যও। কিন্তু মিছিলের শেষ পর্যায়ে আচমকাই মেজাজ হারালেন কল্যাণ। হাই কোর্ট চত্বরে এক আইনজীবীর সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয় তাঁর। শেষে অন্য আইনজীবীরা এসে কল্যাণকে ছাড়িয়ে নিয়ে যান।

সোমবার দুপুরে আরজি করের ঘটনার প্রতিবাদে কলকাতা হাই কোর্ট চত্বরেই মিছিল করেন আইনজীবীরা। শান্তিপূর্ণ সেই মিছিল আদালত চত্বর ঘুরে আবার হাই কোর্টে ফিরে আসার সময়েই ঘটনার সূত্রপাত। আরজি করের ঘটনা নিয়ে সংবাদমাধ্যমে কিছু মন্তব্য করেন আইনজীবী বিকাশরঞ্জন । তা নিয়ে আপত্তি তোলেন কল্যাণ। বিকাশের উদ্দেশে তিনি বলেন, ‘‘আরজি করের ঘটনায় আমরাও দুঃখিত আমরাও বিচার চাই। কিন্তু কেউ কেউ সংবাদমাধ্যমের কাছে অসত্য তথ্য দিচ্ছেন। তাঁর কাছে যদি সঠিক তথ্য থাকে তবে তিনি সিবিআইকে দিন। সংবাদমাধ্যমকে দিচ্ছেন কেন?’’

এর পাশাপাশি সিবিআই তদন্তে দেরি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। পরে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের জুনিয়র আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় আর জি কর নিয়ে তৃণমূল সরকারকে আক্রমণ করলে সেই সময় কল্যাণ ব্যানার্জির সঙ্গে ব্যাপক বচসা শুরু হয়। আর তা শেষ পর্যন্ত হাতাহাতিতে গড়িয়ে যায়। অবশ্য অন্যান্য আইনজীবীদের হস্তক্ষেপে সঙ্গে সঙ্গে বিষয়টি মিটিয়ে নেওয়া হয়।

তবে কল্যাণের ওই ঘটনাটি ছাড়া, সোমবার শান্তিপূর্ণ ভাবেই মিছিল হয়েছে আইনজীবীদের। মিছিলে উপস্থিত ছিলেন, রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল (এজি) সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় এবং জয়ন্ত মিত্র। দু’জনে মমতার শাসনকালেই রাজ্যের এজি ছিলেন। কিন্তু মমতার সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে পদ থেকে ইস্তফা দেন। সোমবার ওই দুই প্রাক্তন এজি আইনজীবীদের মিছিলে যোগ দেন। এ ছাড়া ছিলেন, আইনজীবী প্রতীক ধর, অশোক বন্দ্যোপাধ্যায়, অনিন্দ্য মিত্র, বিকাশরঞ্জন, কল্যাণ এবং রাজ্যের আইনজীবী প্যানেলের সদস্য কল্যাণের পুত্র শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। এ ছা়ড়া ছিলেন বার অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্য। ছিলেন বার লাইব্রেরি এবং ইনকর্পোরেট ল অ্যাসোসিয়েশনের সদস্যেরাও।

মিছিলে আরজি করে নিহত মহিলা চিকিৎসকের জন্য সুবিচারের পোস্টারের পাশাপাশি রাজ্য সরকার বিরোধী পোস্টারও ছিল। তবে আইনজীবীরাই জানিয়ছেন, সাম্প্রতিক অতীতে কলকাতা হাই কোর্টে রাজনৈতিক দল নির্বিশেষে আইনজীবীদের এত বড় মিছিল দেখা যায়নি। যেখানে একই সঙ্গে একই দাবিতে পা মেলাচ্ছেন রাজ্যের শাসক দলের সাংসদ তথা আইনজীবী এবং বিরোধী পক্ষের বিশিষ্ট আইনজীবীরাও।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ