দেশ 

ACB Raid in Telangana : সরকারি আধিকারিকের বাড়ি থেকে উদ্ধার ১০০ কোটি!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : তেলঙ্গানায় এক সরকারি আধিকারিকের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ১০০ কোটি টাকা উদ্ধার করল ওই রাজ্যের পুলিশের দুর্নীতি দমন শাখা (এসিবি)। নয়া কংগ্রেস সরকারের মূলত উদ্যোগে এই অভিযান চলে। গত কাল ২৪ জানুয়ারি বুধবার সারাদিন বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে উদ্ধার হল ১০০ কোটির হিসাব বহির্ভূত সম্পত্তি। জানা গিয়েছে, ওই আধিকারিক তেলঙ্গানার রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটির সেক্রেটারি শিব বালাকৃষ্ণ। তিনি হায়দরাবাদ মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির ডিরেক্টরও ছিলেন।

এদিন তেলঙ্গানার পুলিশ তদন্ত চালাতে গিয়ে দেখে বাড়িতে থরে থরে সাজানো বান্ডিল বান্ডিল নোট। ব্রিফকেসে নামী ব্র্যান্ডের ঘড়ি, আইফোন, আইপ্যাড। দুর্নীতি দমন শাখার অভিযোগ, কোটি কোটি টাকা অর্থের বিনিময়ে বিভিন্ন আবাসন সংস্থাকে পারমিট পাইয়ে দিয়েছেন তিনি। এখনও তল্লাশি চলছে তাঁর বাড়ি, অফিস-সহ বিভিন্ন জায়গায়। বুধবার ভোর থেকে মোট ২০টি জায়গায় তল্লাশি শুরু করে দুর্নীতি দমন শাখা। এর মধ্যে বালাকৃষ্ণের বাড়ি এবং অফিস ছাড়াও তাঁর আত্মীয়দের বাড়িতেও তল্লাশি চলে। হিসাব বহির্ভূত সম্পত্তির হদিস পেতেই অভিযানে নামে এসিবি। দুর্নীতি দমন শাখা জানিয়েছে, আয়ের সঙ্গে সঙ্গতিহীন প্রচুর সম্পত্তি করেছেন বালাকৃষ্ণ। এইচএমডিএ এবং রেরা-র অফিসেও চিরুনি তল্লাশি চালান দুর্নীতি দমন শাখার অফিসারেরা।

সূত্রের খবর, তল্লাশি অভিযানে বালাকৃষ্ণের বাড়ি থেকে ১০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে নগদ ৪০ লক্ষ টাকা, ২ কেজি সোনার গয়না, ৬০টি দামি বিদেশি ব্র্যান্ডের ঘড়ি, ১৪টি আইফোন, ১০টি ম্যাক বুক ও আইপ্যাড, একাধিক ইলেকট্রনিক গ্যাজেট, ব্যাঙ্ক ডিপোজিট ও ফ্ল্যাটের নথি উদ্ধার হয়েছে। তাছাড়াও হিসাব বহির্ভূত সম্পত্তি রয়েছে আরও বলে পুলিশের অনুমান। বালাকৃষ্ণের ব্যাঙ্ক লকার এবং অন্যান্য হিসাব বহির্ভূত সম্পদের তল্লাশি চলছে এখনও। তল্লাশি শেষ হওয়ার পর প্রকৃত হিসাব পাওয়া যাবে বলে তদন্তকারীরা মনে করছেন।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ