পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের নতুন চেয়ারম্যান হলেন বিশিষ্ট সাংবাদিক আহমদ হাসান ইমরান
বিশেষ প্রতিনিধি: পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের নতুন চেয়ারম্যান হলেন বিশিষ্ট সাংবাদিক তথা পুবের কলম পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান। গতকাল একুশে জুন এক বিজ্ঞপ্তিতে সংখ্যালঘু দফতরের প্রধান সচিব গোলাম আলী আনসারী আহমদ হাসান ইমরানকে নিয়োগপত্র দিয়েছেন।
আহমেদ হাসান ইমরান এর আগে ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত রাজ্যসভার সাংসদ ছিলেন। পশ্চিমবাংলার সংখ্যালঘু সমাজের মধ্যে বহুল প্রচারিত একটি সংবাদ পত্রের সম্পাদক তিনি। এই রাজ্যের সংখ্যালঘু সমাজের প্রকৃত সমস্যা সম্পর্কে তিনি যথেষ্ট ওয়াকিবহাল। বিশেষ করে বাঙালি মুসলমান সমাজের সমস্যা সম্পর্কে।
সংখ্যালঘু কমিশনের কাজ হল এই রাজ্যের সংখ্যালঘু সমাজের আর্থসামাজিক পরিস্থিতির প্রতি লক্ষ্য রাখা এবং তাদের সমস্যাগুলিকে চিহ্নিত করে সরকারের দৃষ্টি আকর্ষণ করা। প্রাক্তন রাজ্যের সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান ডাক্তার মমতাজ সংঘমিতা যথেষ্ট কাজ করার চেষ্টা করেছিলেন কিন্তু দুঃখের হলেও সত্য বাঙালি মুসলিম বিরোধী রাজ্য সরকারের কিছু আধিকারিকের অসহযোগিতার জন্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান হিসাবে এই রাজ্যের সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠতে পারেননি। সমস্যার গভীর থেকেই বলা যায় একজন বাঙালি মুসলমান সমাজের বিশিষ্ট চিকিৎসককে সরিয়ে আর একজন বাঙালি মুসলিম সমাজের বিশিষ্ট সাংবাদিককে সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান করা হয়েছে ঠিকই কিন্তু তাকে যদি কাজ করতে সঠিকভাবে দেওয়া না হয় তাতে মমতা সরকারের ভাবমূর্তি ফিরবে না।
বাংলার জনরব প্রত্যাশা করছে এই রাজ্যের বাঙালি মুসলিম সমাজ তথা অন্যান্য সংখ্যালঘু সমাজের সার্বিক উন্নয়নের স্বার্থে আহমদ হাসান ইমরান যে পদক্ষেপ নেবেন তার সঙ্গে সব রকম সহযোগিতা করবে রাজ্য সরকার এবং তার আধিকারিকরা।

