Mysterious Light : মঙ্গলবার রাতে ভূমিকম্পের সময় দিল্লি সংলগ্ন এলাকায় ‘রহস্যময় আলো’ ঘিরে জনমানসে কৌতূহল তুঙ্গে !
বাংলার জনরব ডেস্ক : মঙ্গলবার রাতে ভূমিকম্পের পরেই দিল্লির সংলগ্ন হরিয়ানার আকাশে রঙিন আলোর রেখা দেখা যায়। গভীর রাতের কাছাকাছি সময়ে এই রঙিন আলোকে কেন্দ্র করে সাধারণ মানুষের মনে উৎসাহ তুঙ্গে উঠেছে। এই রহস্যময় আলোর নেপথ্যে কারা রয়েছে তা নিয়ে গবেষণা শুরু হয়েছে।মঙ্গলবার রাত ১০টা ২৫ মিনিটে কেঁপে ওঠে দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশের বহু জায়গা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৬। কয়েক সেকেন্ড ধরে সেই কম্পন অনুভূত হয়।
সেই কম্পনের মাঝেই হরিয়ানার যমুনানগরের আকাশে কখনও লাল, কখনও বেগুনি এবং কখনও আবার কমলা রঙের আলো দেখা গিয়েছে। খুব অল্প সময়ের মধ্যেই বার বার রং বদলাতে দেখা গিয়েছে ওই আলোর। ওটা কিসের আলো? রহস্য এবং কৌতূহল বেড়েছে আমজনতার মধ্যে।

#Breaking Earthquake light spotted in some parts of Haryana and Punjab.#thread https://t.co/EQu0DJgqBU pic.twitter.com/oWGau3NNyp
— Vikrant Singh (@VikrantThardak) March 21, 2023
তবে বিজ্ঞানীদের দাবি, এই ধরনের ‘রহস্যময় আলো’ খুব একটা অস্বাভাবিক নয়। বিশেষ করে ভূকম্পনের আগে বা কম্পনের মাঝেই আকাশে রংবেরঙের আলো চোখে পড়তে পারে। কিন্তু অনেকেই এর কারণ না জানায়, কখনও রহস্যময়, কখনও আবার ভিন্গ্রহী যানের তত্ত্বও ওঠে। যদিও সেই সব তত্ত্ব খারিজ করেছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা এই ধরনের আলোর উৎসের খোঁজ চালিয়ে যাচ্ছেন দীর্ঘ দিন ধরে। তাঁদের দাবি, এই আলোর সঙ্গে ভূমিকম্পের যোগ রয়েছে। বিশেষত যে অঞ্চল টেকটনিক প্লেটের চ্যুতিরেখার উপর পড়ছে, সেখানেই কম্পনের আগে বা কম্পনের মাঝে এই ধরনের আলো দেখা যায়।
বিজ্ঞানীদের দাবি, চ্যুতিরেখায় ঘর্ষণের ফলে পাথরে যে চাপ সৃষ্টি হয়, তার ফলে একটা বৈদ্যুতিক ক্ষেত্র সৃষ্টি হয়। আর বৈদ্যুতিক ক্ষেত্রের কারণে আকাশে রংবেরঙের আলো দেখা যায়। কিন্তু কেন কম্পনের আগে কিংবা কম্পনের মাঝেই এই আলো দেখা যায়, তার স্পষ্ট কোনও ব্যাখ্যা খুঁজে পাননি বিজ্ঞানীরা। তবে তাঁরা আশাবাদী এর কারণও খুব শীঘ্রই খুঁজে বার করবেন।
বিজ্ঞানীরা এ নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা চালিয়ে গেলেও কোন রহস্য জট খুলতে পারেননি। তাই ভূমিকম্পের সময় এই রহস্যময় আলো নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতুহল দিন দিন বাড়ছে।

